আজ , , ,

গোসাইরহাটে আর্ন প্রকল্পের অবহিতকরণ সভা ও উপজেলা সমন্বয় কমিটি গঠন

গোসাইরহাটে আর্ন প্রকল্পের অবহিতকরণ সভায় বক্তব্য রাখছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দত্ত। ছবি-দৈনিক হুংকার।

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় বেকার যুবক-যুবতীদের কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তরের আওতাধীন তরুণদের জন্য অর্থনৈতিক গতি ত্বরান্বিতকরণ ও সক্ষমতা বৃদ্ধি (আর্ন) প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে প্রকল্পের কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা সমন্বয় কমিটি (ইউসিসি) গঠন করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সভাকক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশন’-এর বাস্তবায়নে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দত্ত।
সভায় প্রকল্পের সার্বিক দিক তুলে ধরে বক্তব্য দেন আর্ন প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মো. মোস্তাফিজুর রহমান এবং উপজেলা ব্যবস্থাপক মো. মেহেদী হাসান। সভাটি সঞ্চালনা করেন প্রকল্পের ইডিও মো. আলাউদ্দিন।
এ সময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রতিনিধিবৃন্দ, এনজিও প্রতিনিধি, স্থানীয় অংশীজন এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, যুব উন্নয়ন অধিদপ্তর ও বিশ্বব্যাংকের সহায়তায় পরিচালিত এ প্রকল্পের মূল লক্ষ্য হলো ১৮ থেকে ৩৫ বছর বয়সী বেকার তরুণ-তরুণীদের দক্ষতাভিত্তিক কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ প্রদান করা। এর মাধ্যমে তাদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং শোভন কর্মসংস্থান নিশ্চিত করতে সহায়তা করা হবে।
অনুষ্ঠানে প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য, কার্যক্রম এবং মাঠপর্যায়ে বাস্তবায়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের মধ্যে সমন্বয় জোরদার এবং নবগঠিত উপজেলা সমন্বয় কমিটির (ইউসিসি) ভূমিকা ও দায়িত্ব নির্ধারণ করা হয়।
গঠিত উপজেলা সমন্বয় কমিটির সভাপতি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সদস্যসচিব হিসেবে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দায়িত্ব পালন করবেন।
সভায় উপস্থিত অংশীজনরা প্রকল্পের কার্যক্রম মাঠপর্যায়ে সফলভাবে বাস্তবায়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। পরে উপস্থিত সবার সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

Share this news as a Photo Card


১২ অক্টোবর ২০২৬

ডামুড্যায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষেআলোচনা সভা ও পুরস্কার বিতরণ

www.hongkar.com |
dailyhongkar