শরীয়তপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন নড়িয়া থানার মো. আনোয়ার হোসেন। থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদকবিরোধী অভিযান, মাদক বিক্রেতাদের আটক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধ এবং সাধারণ মানুষকে আইনী সেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তাঁকে এ স্বীকৃতি দেওয়া হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) জেলা পুলিশের আয়োজনে শরীয়তপুর পুলিশ লাইন্সের ড্রিলশেডে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় ভালো কাজের স্বীকৃতি স্বরূপ তাঁর হাতে প্রশংসাপত্র ও সম্মাননা স্মারক তুলে দেন পুলিশ সুপার রওনক জাহান।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. জাকারিয়া রহমান, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) শামসুল আরেফিনসহ জেলা পুলিশের বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, ফাঁড়ি ও ক্যাম্প ইনচার্জ এবং বিভিন্ন ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।
এ বিষয়ে নড়িয়া থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, এ অর্জন আমার একার নয়, এটি নড়িয়া থানা পুলিশের প্রতিটি সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। নড়িয়া এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও অপরাধ দমন এবং সাধারণ মানুষকে দ্রুত আইনী সেবা দিতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এ স্বীকৃতি আমাদের দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিয়েছে। ভবিষ্যতেও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধমুক্ত সমাজ গঠনে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করে যেতে চাই।