শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, “মুসলমানরা যেমন আমার পরিবার, হিন্দুরাও আমার পরিবার। দুর্গাপূজা যাতে নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়, সে লক্ষ্যেই পূজা শুরুর আগেই মণ্ডপগুলো পরিদর্শনে এসেছি।
শুক্রবার (৯ অক্টোবর) বিকালে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
হুইপ অপু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী প্রতিটি নির্বাচনী এলাকায় হিন্দু সম্প্রদায়ের নিরাপদ ও শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদ্যাপন নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি বলেন, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে সবাইকে একসঙ্গে উৎসব উদযাপন করতে হবে।
তিনি আরও জানান, শরীয়তপুর-৩ আসনের ২০টি পূজামণ্ডপে সরকারের পক্ষ থেকে প্রতিটিতে ৬০০ কেজি করে জিআর চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া ব্যক্তিগত উদ্যোগেও তিনি আর্থিক সহায়তা প্রদান করেছেন। পূজামণ্ডপ গুলোতে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে দলীয় নেতাকর্মীদের সার্বিক সহযোগিতা করার নির্দেশ দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুবকর সিদ্দিক, ভেদরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল বাসার, ভেদরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান রতন, সদস্য আবুল হাসেম ঢালী, আসলাম মাঝি, বিএম মোস্তফাসহ সরকারি কর্মকর্তা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।