শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সফিকুর রহমান কিরণ বলেছেন, বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে চলতে হলে আমাদেরও মানসম্মত শিক্ষা অর্জন করতে হবে। শিক্ষা ব্যতিত কোন জাতির উন্নয়ন সম্ভব নয়।
তিনি আজ শনিবার (২১ নভেম্বর) তার নির্বাচনী এলাকার ডিএমখালি ইউনিয়নের চরভয়রা উচ্চ বিদ্যালয়ের কিরণ ভবন উদ্বোধন ও বিদ্যালয়ের “শতবর্ষের সারথি” ম্যাগাজিনের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ভেদরগঞ্জের পূর্বাঞ্চল বর্তমান সখিপুর থানার উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান গড়ার জন্য আমি প্রথম কাজ শুরু করি। আমার গড়া আমার পিতা মরহুম হাবিব উল্লাহ চোকদার এর নামে এ অঞ্চলের প্রথম কলেজ হচ্ছে হাবিব উল্লাহ কলেজ। এর পরে শরীয়ত উল্লাহ ও সিরাজ সিকদার কলেজ প্রতিষ্ঠিত হয়। আজকের চরভয়রা উচ্চ বিদ্যালয়ের কিরণ ভবনেরও বিশাল ইতিহাস রয়েছে। আমাদের চরের শিক্ষার্থীরা ভেদরগঞ্জ গিয়ে এসএসসি পরীক্ষা দিতেন। আমার কলেজ উদ্বোধন করতে এসে ছিলেন তৎকালিন প্রধানমন্ত্রী দেশমাতা মরহুমা বেগম খালেদা জিয়া। আমি এ অঞ্চলে একটি এসএসসি কেন্দ্র দাবী করি। যা তিনি মঞ্জুর করেন। তৎকালি শিক্ষামন্ত্রী ব্যারিস্টার জমির উদ্দীন সরকার অনুমোদন পূর্ব তদন্ত প্রতিবেদনে জানান ভবন না থাকায় কেন্দ্র করা যাচ্ছেনা। পরীক্ষার মাত্র ৪৩ দিন বাকী। আমি শিক্ষা মন্ত্রীর সাথে দেখা করলে তিনি বলেন ২০০ পরীক্ষার্থীর ধারণ সম্পন্ন ভবন এক মাসের মধ্যে করতে পারলে কেন্দ্র হবে। আমি রাজি হয়ে এক মাসের পূর্বেই নিজের অর্থে এখানে টিন সেট ভবন করেছি এবং কেন্দ্র করেছি। আমি যা করতে পারবো তারই আশ্বাস দেই এবং করে দেখাই।
আপনারা যতদিন আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ আমিও আমার সর্বোচ্চটা দিয়ে আপনাদের জন্য যা করার করবো। আমি টাকার জন্য রাজনীতিতে আসিনি। আমি আমার পরিশ্রমের টাকা দিয়ে আপনাদের উন্নয়ন ও রাজনীতি করি। আমার সাথে থাকলে আপনাদেরও কিছু করতে হবে। বেকার ধান্দাবাজ, চান্দাবাজ কেউ আমার সাথে ছিলোনা, থাকবেও না।
চরভয়রা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও বাংলা ভিশন টেলিভিশনের বার্তা সম্পাদক বেনজির আহম্মেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুবকর সিদ্দিক, সখিপুর থানার অফিসার ইনচার্জ মোফাজ্জল হোসেন, শিক্ষানুরাগী মঞ্জুরর আহম্মেদ সরদার, সাবেক ভাইস চেয়ারম্যান মোস্তাক আহমেদ মাসুম বালা।
এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম গিয়াসউদ্দিন, বিএনপি নেতা পলাশ মাঝি ও প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি কর্মকর্গতাগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, বর্তমান ও প্রাক্তণ শিক্ষাীবৃন্দ।