অফিস সময় সড়কের ওপর দাঁড়িয়ে পণ্য ওঠানো-নামানো, যত্রতত্র পার্কিং করে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি, মোটর সাইকেলে নিষিদ্ধ সাইলেন্সার ও অতিরিক্ত বডি সংযোজন, ড্রাইভিং লাইসেন্স প্রদর্শনে ব্যর্থতা এবং নিষিদ্ধ যানবাহন চলাচলের অভিযোগে শরীয়তপুরে ১১টি মামলা করেছে জেলা ট্রাফিক বিভাগ। এসব মামলায় মোট ৬৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা শহরের কোর্ট মোড় এলাকায় ট্রাফিক পুলিশ বক্সের সামনে এ অভিযান পরিচালনা করেন ট্রাফিক ইনচার্জ মো. নিজাম হোসেন।
ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, অফিস সময় সড়কের ওপর যত্রতত্র পার্কিং করে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় পাঁচটি ট্রাক ও পিকআপকে মামলা দেওয়া হয়। পাশাপাশি দুটি মোটর সাইকেলে নিষিদ্ধ সাইলেন্সার ও অতিরিক্ত বডি সংযোজন করায় সড়ক পরিবহন আইন-২০১৮-এর ৮৪ ধারায় মামলা করা হয়। এ সময় মোটর সাইকেল দুটি জব্দ করা হয়। এছাড়াও সড়কে নিষিদ্ধ যানবাহন চলাচলের কারণে পাঁচটি ভটভটি জব্দ করেছে ট্রাফিক পুলিশ।
নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছেন জেলা ট্রাফিক বিভাগ। সড়কে শৃঙ্খলা বজায় রাখতে এবং যান চলাচল স্বাভাবিক রাখতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তারা।