শরীয়তপুরের ডামুড্যায় সরকারি সার পাচারের অভিযোগে ১৫ বস্তা ডিএপি সারসহ একটি অটোভ্যান জব্দ করেছেন স্থানীয় বিক্ষুব্ধ কৃষকরা।
সোমবার (৯ নভেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার ধানকাঠি এলাকা থেকে সারবোঝাই অটোভ্যানটি জব্দ করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সুতলকাঠি এলাকার ব্যবসায়ী ইসমাইল মাদবর গোপনে অটোভ্যানে করে সরকারি সার পাশের জেলা মাদারীপুরের সূর্যমণি এলাকায় পাঠাচ্ছিলেন। এ সময় ধানকাঠি এলাকার কৃষকদের সন্দেহ হলে তাঁরা অটোভ্যানটি জব্দ করেন। পরে বিষয়টি উপজেলা কৃষি অফিসকে জানানো হয়। কৃষি অফিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে ১৫ বস্তা সার জব্দ করে। এ সময় ব্যবসায়ী ইসমাইল মাদবর ঘটনাস্থলে এলে তাঁকেও আটক করা হয়।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মো. মোতালেব হোসেন বলেন, আমরা আগে থেকেই বিভিন্ন কৃষককে জানিয়েছি, যাতে এ উপজেলার বরাদ্দ করা সার অন্য উপজেলায় যেতে না পারে। কৃষকরা সার পরিবহনের বিষয়টি দেখতে পেয়ে আমাদের উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে জানান। পরে আমাদের টিম ঘটনাস্থলে গিয়ে ১৫ বস্তা ডিএপি সার জব্দ করে নিয়ে আসে।