আজ , , ,

জেড. এইচ. সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

জেড. এইচ. সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান মেলার বিভিন্ন স্টল পরিদর্শণ করছেন বিশ^বিদ্যালয়ের শিক্ষকগণ। ছবি- দৈনিক হুংকার।

বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী চিন্তার বিকাশ এবং তরুণ প্রজন্মকে গবেষণামুখী করে তোলার লক্ষ্যে জেড. এইচ. সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বুধবার (৪ নভেম্বর) দিনব্যাপী ‘বিজ্ঞান মেলা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। এবারের মেলার প্রতিপাদ্য “উদ্ভাবন করুন, অন্বেষণ করুন, একটি টেকসই ভবিষ্যৎ গড়ে তুলুন”।
বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর সৃজনশীলতা এবং উদ্ভাবনী সক্ষমতা তুলে ধরার এ আয়োজনে শরীয়তপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের চারটি ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে মোট ৪০টি বিজ্ঞান প্রকল্প প্রদর্শিত হয়েছে। অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠান গুলোর মধ্যে রয়েছে শহীদ বুদ্ধিজীবী ড. হুমায়ুন কবির হাই স্কুল, কার্তিকপুর হাই স্কুল, হাজী শরীয়তউল্লাহ কলেজ, মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ এবং ভেদরগঞ্জ হেডকোয়ার্টার সরকারি হাই স্কুল। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা তাঁদের উদ্ভাবনী প্রকল্প নিয়ে অংশগ্রহণ করেন।
বিজ্ঞান মেলা পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জসিম উদ্দিন, ট্রেজারার প্রফেসর আব্দুল খালেক, রেজিস্ট্রার খন্দকার তাহমিনা নিষাদ এলিন, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. আখতারুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক মো. মশহুদ উজ জামান, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. মো. শাহীদুর রহমান খান ও বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।
প্রো-ভাইস-চ্যান্সেলরের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের অতিথিবৃন্দ মেলার প্রতিটি স্টল পরিদর্শন করেন। এ সময় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাঁদের উদ্ভাবিত প্রকল্পের ধারণা, কার্যপদ্ধতি, প্রযুক্তিগত প্রয়োগ ও সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করেন। অতিথিবৃন্দ শিক্ষার্থীদের উদ্ভাবনী উদ্যোগ ও সৃজনশীল প্রচেষ্টার প্রশংসা করেন এবং বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক গবেষণায় আরও উৎসাহিত করেন।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার পরিবেশকে আরও সমৃদ্ধ করা, শিক্ষার্থীদের উদ্ভাবনী সক্ষমতা বিকাশ, বাস্তবভিত্তিক সমস্যা সমাধানে বিজ্ঞান ও প্রযুক্তির প্রয়োগ এবং শিক্ষাপ্রতিষ্ঠান গুলোর মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টিতে এ বিজ্ঞান মেলা একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।
৫ নভেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠিত হবে বিজ্ঞান মেলা ২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান, যেখানে নির্বাচিত সেরা প্রকল্পের অংশগ্রহণকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
বিজ্ঞান মেলা ২০২৬ আয়োজনের স্পন্সর হিসেবে সার্বিক সহযোগিতায় রয়েছে বেসিক পাওয়ার ইঞ্জিনিয়ারিং লিমিটেড, অ্যালবাট্রস এডুকেশন, ন্যাশনাল ব্যাংক পিএলসি।

Share this news as a Photo Card


১২ অক্টোবর ২০২৬

শরীয়তপুরে ফ্যামিলি কার্ড সংগ্রহসংক্রান্ত প্রেস কনফারেন্স

www.hongkar.com |
dailyhongkar