শরীয়তপুরের গোসাইরহাট থানায় দায়ের করা একটি ধর্ষণ মামলার পলাতক আসামিকে যৌথ অভিযানে গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় বরগুনা জেলার বেতাগী এলাকা থেকে তাকে আটক করা হয়।
মঙ্গলবার (১৯ মে) দুপুরে আসামিকে আদালতে প্রেরণ কালে বিষয়টি নিশ্চিত করেছেন গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ বোরহান উদ্দিন।
গ্রেপ্তারকৃত আসামির নাম সোহেল বেপারী (২৭)। তিনি উপজেলার নলমুড়ি ইউনিয়নের চর ভুয়াই মাহিন্দার হুরা গ্রামের হযরত আলী বেপারীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৯ এপ্রিল গোসাইরহাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৯(খ) ধারায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়। মামলার এফআইআর নং-৬ ও জিআর নং-৬০ হিসেবে নথিভুক্ত হওয়ার পর থেকেই এজাহারভুক্ত আসামি সোহেল বেপারী আত্মগোপনে চলে যান।
মামলার তদন্তকারী কর্মকর্তা বিভিন্ন স্থানে অভিযান চালিয়েও তার অবস্থান শনাক্ত করতে না পারায় র্যাব-৮ বরিশালের সহায়তা নেওয়া হয়। পরে তথ্যপ্রযুক্তির মাধ্যমে আসামির অবস্থান নিশ্চিত করা হয়।
এরপর সোমবার (১৮ মে) বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে বরগুনা জেলার বেতাগী থানাধীন মোকামিয়া বাজার এলাকায় গোসাইরহাট থানার একটি চৌকস পুলিশ দল ও র্যাব-৮ বরিশালের একটি টহল দল যৌথ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।
গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দিন জানান, ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি দীর্ঘদিন আত্মগোপনে ছিল। তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে র্যাব-৮ বরিশালের সহযোগিতায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বরগুনার বেতাগী এলাকার মোকামিয়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হয়েছে এবং মামলার পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।