দেশের বিভিন্ন স্থানে হাসপাতালসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে শরীয়তপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।
শনিবার (২৮ নভেম্বর) সকালে ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল প্রাঙ্গণে শরীয়তপুর ড্যাব শাখার উদ্যোগে হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালিত হয়। তারা চিকিৎসাসেবা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের মতো ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, পতিত ফ্যাসিস্ট সরকারের দোসররা বর্তমান সরকারের উন্নয়ন ও অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে দেশব্যাপী বিভিন্ন ধরণের অপচেষ্টা চালাচ্ছে। হাসপাতালসহ বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর, অগ্নিসন্ত্রাস এবং অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। এমনকি হত্যাকাণ্ড ও বোমাবাজির মতো ঘটনাও ঘটানো হচ্ছে। হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানিয়েছেন তারা।
বক্তারা আরও বলেন, হাসপাতাল মানবসেবার গুরুত্বপূর্ণ স্থান। হাসপাতালে অসুস্থ মানুষ জীবন বাঁচাতে আসেন। এমন গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। এই ধরণের বর্বর ও অমানবিক কর্মকাণ্ড কোনভাবে গ্রহণযোগ্য নয়। এতে চিকিৎসা সেবার পরিবেশ ব্যাহত হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের জীবন ও নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা এবং স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
প্রতিবাদ সমাবেশে ড্যাব শরীয়তপুর শাখার আহ্বায়ক ডা. আকরাম এলাহী, সদর হাসপাতালের সার্জারি বিভাগের সিনিয়র চিকিৎসক ও ড্যাব নেতা ডা. মফিজুর রহমান স্বপন, ডা. মো. আসাদুজ্জামান, ডা. ইফতেখারুল ইসলাম, ডা. কাওসার আহমেদ ও ডা. উম্মে হাবিবা সহ (ড্যাব) সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।