চাঁদা না দেওয়ায় দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত ব্যবসায়ী মারুফ হোসেন (৪৫) এর দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) সকাল ৯ টায় ডামুড্যা উপজেলার সিড্যা ইউনিয়নের পশ্চিম সিড্যা ৬২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এর আগে রোববার রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিহতের বড় ছেলে সিফাত ও ভাতিজা কামরুজ্জামান কাউসার মরদেহ গ্রহণ করে সোমবার ভোর ৫ টার দিকে সিড্যা গ্রামের বাড়িতে নিয়ে আসেন। মরদেহ গ্রামের বাড়িতে আনার পর এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।
নামাজে জানাজায় স্থানীয় ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) রুবেল আকন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আক্তার হোসেন খাঁন, সমাজ সেবক আবদুল্লাহ আকন, মনিরুজ্জামান, স্থানীয় মেম্বার সহ নিহতের পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীরা অংশগ্রহণ করেন।
প্রসঙ্গত, ডামুড্যা উপজেলার সিড্যা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের পশ্চিম সিড্যা গ্রামের মৃত ছোবহান বেপারীর মেজ ছেলে মোঃ মারুফ হোসেন (৪৫) কে গত বুধবার (২১ অক্টোবর) আফ্রিকায় স্থানীয় সময় রাত ৯টা ও বাংলাদেশ সময় রাত ১ টার দিকে কেপটাউনের বুস্টারের জুলুটেম্বা এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদা না দেওয়ায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হন।