শরীয়তপুর সদর উপজেলায় কার্ডের মাধ্যমে বিএসটিআই অনুমোদনহীন ও ভূয়া পণ্য বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় একটি পিকআপভ্যান ও বিপুল পরিমাণ পণ্য জব্দ করা হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) বিকেল ৪টার দিকে সদর উপজেলার চিতলিয়া ইউনিয়নের সমিতির বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমিন।
এসময় উপস্থিত ছিলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর শরীয়তপুরের সহকারি পরিচালক জান্নাতুল ফেরদৌস।
স্থানীয়রা জানান, ‘নবদ্বীপ ডেইলিসেবা ফাউন্ডেশন’ নামে একটি প্রতিষ্ঠান ডিসকাউন্ট মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণের কথা বলে প্রায় এক সপ্তাহ আগে চিতলিয়া ইউনিয়নের দক্ষিণ কান্দি ও ঝাঁউচর এলাকায় প্রচারণা চালায়। এ সময় স্থানীয়দের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ফটোকপি নিয়ে প্রায় ৬০০টি কার্ড বিতরণ করা হয় এবং প্রতিটি কার্ডের জন্য ২০ টাকা করে নেয়া হয়।
পরে সোমবার সকালে ওই কার্ডের মাধ্যমে ১ হাজার ৫০০ টাকা মূল্যের নিত্যপ্রয়োজনীয় পণ্য ১ হাজার ১০০ টাকায় বিক্রির জন্য পিকআপভ্যান নিয়ে এলাকায় আসেন সুজন সরদার। বিষয়টি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তাকে পিকআপভ্যানসহ আটক করে আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেন।
খবর পেয়ে বিকেলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পণ্যগুলো জব্দ করেন। পরে পণ্যগুলো পুলিশ হেফাজতে দেওয়া হয় এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সুজন সরদারকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমিন বলেন, নকল পণ্য বিক্রির অভিযোগে এলাকাবাসী একজনকে আটকে রেখেছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে আসি। এসে আমরা দেখি পণ্যগুলো বিএসটিআই অনুমোদনহীন এবং নকল পণ্য। তাই তাকে এক বছরের কারাদন্ড দেয়া হয়েছে এবং পণ্যসহ একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে। জব্দ করা পণ্যগুলো পরবর্তী আইনগত প্রক্রিয়া অনুযায়ী নিষ্পত্তি করা হবে।
তিনি আরো বলেন, সুজন সরদার নামের এই ব্যক্তিকে এর আগেও একবার একই অভিযোগে কারাদণ্ড দেয়া হয়েছিলো।