শরীয়তপুরের নড়িয়া উপজেলার নওপাড়া ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ আগস্ট) বিকেলে নওপাড়া ইউনিয়নের জয়বাংলা বাজারে আয়োজিত এ কর্মীসভায় ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
নওপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মহসিন সরদারের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বিএম আজিজুল হাকিম, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শান্ত, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ নোমান চোকদার, সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রাতুল, নওপাড়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব সুমন মাহমুদ খান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম সফিক, সদস্য সচিব জহিরুল ইসলাম হাওলাদার, ইউনিয়ন ছাত্রদলের বাবুল আহমেদ অভি, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম দেওয়ান, বিএনপি নেতা মোঃ আবু কালাম দারিয়া, আব্দুর রশিদ সরদার, রিপন খালাসি। এ সময় যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করা, তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সক্রিয় করা এবং দলের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার বিষয়ে আলোচনা করা হয়।
সভায় বক্তারা বলেন, দলের যেকোনো কর্মসূচি সফল করতে তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে সাধারণ মানুষের পাশে থেকে তাদের সমস্যা ও দাবিদাওয়া তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন তারা।
নওপাড়া ইউনিয়ন যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতারা বলেন, দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করতে নিয়মিত কর্মীসভা ও মতবিনিময়ের মাধ্যমে নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বাড়ানো হবে।