জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সৃষ্টিশীল কর্মের সঙ্গে শিক্ষার্থীদের পরিচিতি বাড়ানো এবং নজরুলের অসাম্প্রদায়িক ও মানবিক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ডামুড্যায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
নজরুল বর্ষ উপলক্ষে বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, ডামুড্যা উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও উপজেলা শিল্পকলা একাডেমির সার্বিক সহযোগিতায় দেশব্যাপী শিক্ষার্থীদের জন্য শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় ডামুড্যা উপজেলা অডিটোরিয়াম হলরুমে প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী মোঃ সালাহউদ্দিন আইয়ুবী।
সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাহিদুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মনসুরুল হক, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ উজ্জল সিকদার ও সৈয়দ জিল্লুর রহমান মধু, পূর্ব মাদারীপুর সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পরিমল কৃষ্ণ পাল।
এছাড়া উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা নাহিয়ান।
উদ্বোধনী সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষিকা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে ১টি র্যালি উপজেলা চত্বরে প্রদক্ষিণ করে অডিটোরিয়ামের সামনে নজরুল বর্ষ উপলক্ষে বেলুন উত্তোলন, পায়রা অবমুক্তকরণ সহ অনুষ্ঠানে বিভিন্ন জনের বক্তব্য, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করা হয় ।
সভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সালাউদ্দিন আয়ুবী প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। উপজেলা প্রশাসনের ঘোষিত সিডিউল অনুযায়ী পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসায় এ প্রতিযোগিতা শুরু হবে। এতে শিক্ষার্থীরা নজরুলের সাহিত্য, সংগীত ও সংস্কৃতিভিত্তিক বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।
বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সৃষ্টিকর্মের সঙ্গে শিক্ষার্থীদের পরিচিত করার পাশাপাশি তাদের মধ্যে দেশপ্রেম, মানবিকতা ও অসাম্প্রদায়িক চেতনা বিকাশে এ ধরণের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।