শরীয়তপুরে নৌযান শুমারি উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার রোববার (৯ আগস্ট) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
শরীয়তপুর জেলা প্রশাসক তাহসিনা বেগম এর সভাপতিত্বে সভায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে নৌযান শুমারির বিভিন্ন দিক তুলে ধরেন জেলা পরিসংখ্যান অধিদপ্তরের উপ-পরিচালক সৈয়দ ফয়সাল।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আবু রাসেল এর সঞ্চালনায় অনুষ্ঠিত অবহিতকরণ সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার তানভীর আহম্মেদ, জেলা মৎস্য অফিসার বিশ্বজিৎ কুমার দবে, এসডিএসের প্রতিষ্ঠাতা মজিবুর রহমান, শরীয়তপুর প্রেসক্লাব সভাপতি আবুল হোসেন সরদার, জেলা বাল্কহেড মালিক সমিতির সভাপতি মতিউর রহমানসহ জেলার সকল উপজেলা নির্বাহী অফিসারগণ।
এসময় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক তাহসিনা বেগম বলেন, আগামী ২০ থেকে ২৯ আগস্ট পর্যন্ত দেশব্যাপী প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে নৌযান শুমারি ২০২৬। এ শুমারি সফলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।
এসময় জেলা পরিসংখ্যান অধিদপ্তরের উপ-পরিচালক বলেন, শরীয়তপুরে নৌযান শুমারির প্রস্তুতি হিসেবে জেলার ৯৩টি ঘাটে ৭৮টি গণনা এলাকায় তথ্য সংগ্রহ করা হয়েছে। ৪০ জন গণনাকারীর মাধ্যমে এসব এলাকায় মোট ২ হাজার ৮৩৬টি নৌযানের তথ্য পাওয়া গেছে। নৌযান খাতের একটি নির্ভুল ডাটাবেইজ তৈরি, নৌযানের নিরাপত্তা নিশ্চিত, দুর্ঘটনা কমানো এবং ভবিষ্যৎ নীতি ও পরিকল্পনা প্রণয়নে এই শুমারি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় সভায় সরকারি বিভিন্ন দপ্তর, উপজেলা প্রশাসন, বিআইডব্লিউটিএ, নৌপুলিশ, মৎস্য অধিদপ্তর, সাংবাদিকসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।