শরীয়তপুরের জাজিরায় পবিত্র সীরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে ১১ দলীয় ঐক্য জোটের উদ্যোগে বর্ণাঢ্য সীরাত র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে জাজিরা পৌরসভা কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে র্যালিটি বের করা হয়।
র্যালিতে ১১ দলীয় ঐক্য জোটের নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে শুরু হওয়া র্যালিটি জাজিরা পুরাতন বাজারসহ পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে র্যালিটি পুনরায় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এসে শেষ হয়।
র্যালিতে অংশ নেওয়া নেতাকর্মীদের হাতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও আদর্শ বিষয়ক বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড দেখা যায়। এ সময় তারা মহানবীর আদর্শ অনুসরণ, ইসলামের শান্তি ও মানবিকতার শিক্ষা প্রচার এবং সমাজে ন্যায়, সাম্য ও সম্প্রীতি প্রতিষ্ঠার আহ্বান জানান।
সীরাত র্যালিতে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী শরীয়তপুর জেলা আমীর অধ্যক্ষ আবদুর রব হাশেমী, জেলা সেক্রেটারি মাওলানা মাসুদুর রহমান, জামায়াত মনোনীত জাজিরা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মেসবাহ উদ্দিন সিকদার, শরীয়তপুর জেলা জামায়াতের জয়েন্ট সেক্রেটারি শহিদুল ইসলাম, জাজিরা থানা আমীর মাওলানা রুহুল আমিনসহ ১১ দলীয় ঐক্য জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও আদর্শ ব্যক্তি, পরিবার এবং সমাজজীবনে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, মহানবীর আদর্শ অনুসরণের মধ্য দিয়ে সমাজে শান্তি, ন্যায়, সাম্য ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা সম্ভব। বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে মহানবীর জীবন ও শিক্ষা তুলে ধরার ওপর গুরুত্ব দেন তারা।
এসময় জামায়াতে ইসলামী শরীয়তপুর জেলা আমীর অধ্যক্ষ আবদুর রব হাশেমী বলেন, “মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র মানবজাতির জন্য সর্বশ্রেষ্ঠ আদর্শ। তাঁর জীবন ও আদর্শ অনুসরণ করলেই একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ও শিক্ষা নিজেদের জীবনে বাস্তবায়নের পাশাপাশি সমাজে ভ্রাতৃত্ব, সম্প্রীতি, ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
আয়োজকরা জানান, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবন ও আদর্শের সঙ্গে সাধারণ মানুষ ও নতুন প্রজন্মকে পরিচিত করা এবং তাঁর শিক্ষা অনুসরণে উদ্বুদ্ধ করতেই এ সীরাত র্যালির আয়োজন করা হয়েছে।