মাদারীপুর সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় আহত সাবেক প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন বেপারী (৬০) এর চিকিৎসাধীন অবস্থায় ঢাকা নিউরোসাইন্স হাসপাতালে মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ১২ টার দিকে নিউরোসাইন্স হাসপাতালে আইসিওতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। এর আগে গত বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকাল সাড়ে ৫ টার দিকে ট্রাকের ধাক্কায় আড়িয়াল নদীর আসমত আলী খান সেতুর শরীয়তপুর-মাদারীপুর আঞ্চলিক সড়কে রাস্তা পার হওয়ার সময় রাতে ট্রাকের ধাক্কায় আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল কালাম আজাদ জানান, দেলোয়ার বেপারী শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া ইউপির চরভাষানচর এলাকার জব্বার বেপারীর বড় ছেলে। মাদারীপুরের আসমত আলী খান সেতু সংলগ্ন এলাকায় জমি কিনে স্থায়ীভাবে বসবাস করতেন।
তিনি বলেন, মৌখিকভাবে তার পরিবারের লোকজন আমাকে মৃত্যুর বিষয়টি জানিয়েছেন। তিনি নাকি সড়ক দুর্ঘটনায় আহত হয়ে, ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় ও পরিবার সুত্রে জানা যায়, নিহত দেলোয়ার শরীয়তপুর সদর উপজেলার আঙ্গারিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ছিলেন। সাম্প্রতিক সময়ে তিনি অবসরে যান। তার একটি প্রতিবন্ধী কন্যাশিশু সহ ৪ টি কণ্যা সন্তান রয়েছে। অন্যদিকে কিছুদিন আগে তার বড়মেয়ের স্বামী হৃদরোগে মারা যান। নিহত ব্যক্তি গত বৃহস্পতিবাত স্থানীয় মসজিদ থেকে আছরের নামাজ শেষে নিজ বাসার সম্মুখ রাস্তা পার হতে গেলে ট্রাকের ধাক্কায় আহত হন। এর পরে ঘাতক ট্রাকটি পালিয়ে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মারা যান।