‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ শীর্ষক প্রতিপাদ্যে শরীয়তপুরে শুরু হয়েছে ৩ দিনব্যাপী প্রাণিসম্পদ মেলা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১২ টায় সদর উপজেলার প্রাঙ্গণে এ মেলার আয়োজন করা হয়।
বৈচিত্রময় প্রাণিসম্পদ, নিরাপদ খাদ্য উৎপাদন আর আধুনিক খামার ব্যবস্থাপনার নানা সম্ভাবনা নিয়ে শুরু হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ মেলা।
এ মেলায় অংশ নেয়া জেলার ১৪টি স্টলে গবাদিপশু, হাঁস-মুরগি থেকে শুরু করে পরিবেশবান্ধব খামার প্রযুক্তি ও প্রাণিসম্পদজাত পণ্যের সমাহারে প্রাণবন্ত হয়ে উঠেছে মেলা প্রাঙ্গণ।
জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত কর্মসূচির শুরুতে বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়। পরে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন অতিথিরা।
মেলায় বিভিন্ন জাতের গরু, মহিষসহ নানা ধরণের প্রাণি প্রদর্শনের পাশাপাশি প্রাণিসম্পদ খাতে উৎপাদিত পণ্য, আধুনিক খামার ব্যবস্থাপনা, নিরাপদ খাদ্য উৎপাদন এবং পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার তুলে ধরছেন অংশগ্রহণকারীরা।
মেলায় দর্শনার্থীদের বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছে এসডিএস, নুসার স্টলগুলো। এখানে পশু চাষ, পশুর খাবার ও দুগ্ধ জাতীয় বিভিন্ন পণ্যের পাশাপাশি প্রদর্শন করা হচ্ছে দুই স্তরবিশিষ্ট দেশী মুরগির খাঁচা, মাচা পদ্ধতিতে হাঁস পালন, ভার্মি কম্পোস্ট এবং অ্যান্টিবায়োটিকমুক্ত নিরাপদ ডিম উৎপাদনের উদ্যোগ।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ডা. মোঃ আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু রাসেল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রওশনা জাহান।