আগামীকাল ৮ আগস্ট। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী। ১৯৩০ সালের এই দিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে তিনি জাতির জনকের হত্যাকারীদের হাতে নির্মমভাবে নিহত হন।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বাঙালির অহংকার, নারী সমাজের প্রেরণার উৎস। তিনি কেবল জাতির পিতার সহধর্মিনীই ছিলেন না, বাঙালির মুক্তিসংগ্রামেও তিনি ছিলেন অন্যতম অগ্রদূত।।
মহীয়সী নারী শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছিলেন বাঙালি জাতির অধিকার আদায়ের সংগ্রামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একজন যোগ্য ও বিশ্বস্ত সহচর এবং বাঙালির মুক্তিসংগ্রামের সহযোদ্ধা। তিনি অসাধারণ বুদ্ধি, সাহস, মনোবল, সর্বংসহা ও দূরদর্শিতার অধিকারী ছিলেন এবং আমৃত্যু দেশ ও জাতি গঠনে অসামান্য অবদান রেখে গেছেন।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী শরীয়তপুর জেলা ও বিভিন্ন উপজেলায় উদ্যাপনের লক্ষ্যে জেলা এবং উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তর বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।
এ ছাড়া বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে শরীয়তপুর জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। আওয়ামী লীগের কর্মসূচির মধ্যে রয়েছে রাত ১২টা ০১ মিনিটে মোমবাতি প্রজ্জলন, কেক কাটা, সকালে জেলা সদরে জাতির পিতার ম্যুরালের সামনে স্থাপিত বঙ্গমাতা ফজিলাতুন্নেছার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিল।