শরীয়তপুরের জাজিরা উপজেলায় বাসচাপায় রুহুল আমিন দেওয়ান (৭২) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত রুহুল আমিন দেওয়ান জাজিরা পৌরসভার কবিরাজ কান্দি এলাকার মৃত মহর আলী দেওয়ানের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন বাসে হকারি করে জীবিকা নির্বাহ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে নড়িয়া থেকে ঢাকাগামী শরীয়তপুর সুপার সার্ভিসের (ঢাকা মেট্রো-ব-১৫-৯০৭৮) একটি বাসে হকারি শেষে জাজিরা পুরাতন বাজার বাসস্ট্যান্ডে নামার সময় অসাবধানতাবশত বাসটির পেছনের চাকায় চাপা পড়ে গুরুতর আহত হন রুহুল আমিন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা বলেন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে শরীয়তপুর সুপার সার্ভিসসহ সব গণপরিবহনের চালকদের বিরুদ্ধে কঠোর নজরদারি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে যাত্রী ওঠানামার সময় নিরাপত্তা নিশ্চিত এবং ট্রাফিক আইন কঠোরভাবে বাস্তবায়নের দাবি জানান তারা।
দুর্ঘটনার খবর পেয়ে জাজিরা থানার উপ-পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, দুর্ঘটনার পর বাসটির চালক ও হেলপার পালিয়ে গেলেও বাসটি জাজিরা পুরাতন বাজার এলাকা থেকে জব্দ করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।