ডিজিটাল যুগে মত প্রকাশের স্বাধীনতা, মানবাধিকার ও গণতান্ত্রিক চর্চাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে শরীয়তপুরে ‘ফ্রিডম অব এক্সপ্রেশন ফর ডিজিটাল ডেমোক্রেসি’ (স্বাধীনতা) প্রকল্পের আওতায় একটি হাফ-ডে অরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ জুলাই) শরীয়তপুর সদর উপজেলার চিকন্দি ফুড পার্কে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে, মানুষের জন্য ফাউন্ডেশন ও প্ল্যান ইন্টারন্যাশনালের সহযোগিতায় ঢাকা বিভাগের আওতায় প্রকল্পটি বাস্তবায়ন করছে ‘ব্রেকিং দ্য সাইলেন্স’।
অনুষ্ঠানটির সার্বিক দায়িত্বে ছিলেন ব্রেকিং দ্য সাইলেন্সের আইটি ও কমিউনিকেশন অফিসার এবং স্বাধীনতা প্রকল্পের ফোকাল মো. নুরে আলম। ফ্যাসিলেটর হিসেবে দায়িত্ব পালন করেন মো: সাজিদুল ইসলাম ও সাব্বির হোসেন।
অরিয়েন্টেশনে মানবাধিকার, মৌলিক অধিকার ও মত প্রকাশের স্বাধীনতা, ভুল তথ্য, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য মোকাবিলায় করণীয়, অনলাইন হয়রানি ও সাইবার নিরাপত্তা ঝুঁকি নিয়ে সচেতনতা বৃদ্ধি, ফ্যাক্ট-চেকিং কৌশল, ইন্টারনেটের নিরাপদ ব্যবহার এবং প্রযুক্তির মাধ্যমে সংঘটিত জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এতে শরীয়তপুর জেলার বিভিন্ন সংগঠনের মোট ৩০ জন তরুণ প্রতিনিধি অংশগ্রহণ করেন।
আয়োজকরা জানান, ডিজিটাল প্ল্যাটফর্মে দায়িত্বশীল অংশগ্রহণ নিশ্চিত করা এবং তরুণ প্রজন্মের মধ্যে মানবাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা প্রসারের লক্ষ্যেই এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। অরিয়েন্টেশনে অংশগ্রহণকারী তরুণরা ডিজিটাল লিটারেসি ও সাইবার নিরাপত্তা সম্পর্কে অর্জিত জ্ঞান নিজ নিজ ক্ষেত্রে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং ভবিষ্যতেও প্রকল্পের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।