আজ , , ,

শিশুর কান্নায় এগিয়ে এলো ছাত্রদল, এইচএসসি পরীক্ষা কেন্দ্রে নেওয়া হলো মানবিক ব্যবস্থা

মাদারীপুরের শিবচর উপজেলার সরকারি বরহামগঞ্জ কলেজ এইচএসসি পরীক্ষা কেন্দ্রে দেড় মাস বয়সী এক শিশুকে ঘিরে মানবিক উদ্যোগ নেওয়ার ঘটনা ঘটেছে। ক্ষুধার কারণে শিশুটির কান্না শুরু হলে বিষয়টি জানতে পেরে শিবচর উপজেলা ছাত্রদলের হেল্প ডেস্কের নেতাকর্মীরা দ্রুত উদ্যোগ নেন। পরে উপজেলা প্রশাসনের সহযোগিতায় পরীক্ষার্থী মায়ের মাধ্যমে শিশুটিকে দুগ্ধ পান করানোর ব্যবস্থা করা হয়।
জানা যায়, আজ এইচএসসি বাংলা প্রথম পত্র পরীক্ষায় অংশ নিতে সরকারি বরহামগঞ্জ কলেজ কেন্দ্রে আসেন পরীক্ষার্থী নুশরাত। তিনি তাঁর দেড় মাস বয়সী শিশুকে নানির কাছে রেখে পরীক্ষায় অংশ নেন। পরীক্ষা শুরুর প্রায় এক ঘণ্টা পর শিশুটি ক্ষুধার কারণে কান্না শুরু করে। এ অবস্থায় শিশুটির নানি সরকারি বরহামগঞ্জ কলেজ কেন্দ্রের ছাত্রদলের হেল্প ডেস্কে এসে বিষয়টি জানান।
পরে শিবচর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব সাইদুর ব্যাপারী, শিবচর পৌর ছাত্রদলের আহ্বায়ক সাঈদ হাসান শিহাব, শিবচর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান এবং নাঈম গোমস্তা, সরকারি বরহামগঞ্জ কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিমেল মাতুব্বর ও জাকির হোসেন বিষয়টি কেন্দ্র পরিদর্শক এবং শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজানকে অবগত করেন।
এ বিষয়ে শিবচর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাঈম গোমস্তা বলেন, “আমরা হেল্প ডেস্কে বসে ছিলাম। তখন শিশুটির নানি এসে জানান, দেড় মাসের শিশুটি ক্ষুধার কারণে কান্না করছে। আমরা বরহামগঞ্জ কলেজের অধ্যক্ষের সঙ্গে কথা বললে তিনি ইউএনও মহোদয়ের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন। পরে ইউএনও মহোদয়কে ফোন করে বিষয়টি জানানো হলে তিনি কিছু সময়ের জন্য পরীক্ষাকেন্দ্রের ভেতরে শিশুটিকে মায়ের কাছে রাখার ব্যবস্থা করেন।”
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজান বলেন, “মানবিক বিবেচনায় শিশুটির জন্য আমি অল্প সময়ের জন্য তাকে দুগ্ধ পান করানোর ব্যবস্থা করে দিই। পাশাপাশি পরীক্ষার নিয়মের যাতে কোনো বিঘ্ন না ঘটে, সেই বিষয়েও সংশ্লিষ্ট কর্মকর্তাদের যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে অনুরোধ করি।”
পরীক্ষার্থী নুশরাত উপজেলা প্রশাসন এবং ছাত্রদলের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এ ধরনের সহযোগিতা তাঁর জন্য অনেক সহায়ক হয়েছে।
ঘটনাটি উপস্থিত অনেকের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। স্থানীয়দের মতে, এমন মানবিক উদ্যোগ পরীক্ষার্থীদের জন্য সহায়ক পরিবেশ তৈরিতে ইতিবাচক ভূমিকা রাখে।

Share this news as a Photo Card


১৯ আগস্ট ২০২৬

মাদারীপুরে ট্রাকের ধাক্কায় আহত শিক্ষকের মৃত্যু

www.hongkar.com |
dailyhongkar