শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেখানো পথেই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সাংবাদিকদের স্বাধীনভাবে লেখার অধিকার ও সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছেন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।
শনিবার (৩০ মে) সকালে শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি সাংবাদিকদের ১০ম ওয়েজ বোর্ড অনুযায়ী বেতন-ভাতা বাস্তবায়নের দাবি জানান। পাশাপাশি বলেন, গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা বজায় রাখতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার কোনো বিকল্প নেই। নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে তিনি শরীয়তপুরের উন্নয়নে সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
শরীয়তপুর প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন সরদার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল আমিন রবীন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য সফিকুর রহমান কিরণ, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শওকত আরা উর্মি, জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার নাসির উদ্দিন কালু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রত্যয় হাসান, অতিরিক্ত পুলিশ সুপার তানভীর হোসেন, পপুলার লাইফের ব্যবস্থাপনা পরিচালক বিএম ইউসুফ আলী, শরীয়তপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুর রহিম, সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বাসস প্রতিনিধি মজিবর রহমান। অনুষ্ঠানে জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।