শরীয়তপুরে একটি জমিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দিয়েছে। এতে এক মালেশিয়া প্রবাসী আউয়াল হোসেন মালের জমি দখলের অভিযোগ পাওয়া গিয়েছে। এ ঘটনায় আদালতে মামলা দায়ের করেছে মালেশিয়া প্রবাসীর ছোট ভাই আফজাল মাল। যদিও অভিযুক্ত পক্ষ জমি দখলের বিষয়টি অস্বীকার করেছে। বিরোধপূর্ণ জমি নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করায় এলাকায় শান্তি-শৃঙ্খলা অবনতির আশঙ্কায় নিষেধাজ্ঞা জারি করেছে আদালত।
মামলার অভিযোগের বরাত দিয়ে পালং মডেল থানার সাব-ইন্সপেক্টর বি এম শাহরিয়ার কবির জানান, সদর উপজেলার চিতলীয়া ইউনিয়ন-এর কাশিপুর মুসলিমপাড়া এলাকায় আবুল হোসেন মালের ছেলে আফজাল হোসেন মাল (৩২) তাদের বসতবাড়ি দখলের অভিযোগ করেছেন। আর এই অভিযোগ উঠেছে স্থানীয় আবুল কালাম মালের ছেলে সাইফুল ইসলাম মাল ও তার পরিবারের বিরুদ্ধে।
তাই এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য এবং কোন অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেজন্য আদালত ১৪৪ এবং ১৪৫ ধারায় নোটিশ জারি করেছে। নোটিশগুলো অভিযুক্তদের কাছে পৌঁছে দেয়া হয়েছে। নোটিশে আরও উল্লেখ করা হয়, কোনো পক্ষ আইন-শৃঙ্খলার অবনতি ঘটালে তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযোগপত্র ও স্থানীয় সুত্রে জানা যায়, ভুক্তভোগী আফজাল হোসেন মাল দাবি করেন যে, তারা ওয়ারিশ ও রেকর্ডমূলে সম্পত্তির মালিক হয়ে দীর্ঘদিন ধরে ভিটাবাড়ি হিসেবে জমিটি ভোগদখল করে আসছেন। এ সময় তারা সেখানে বিভিন্ন প্রকার গাছপালা রোপণ করেন।
অভিযোগে আরও বলা হয়, আফজাল হোসেন মালের লোকজন শান্তিপ্রিয় হওয়ায়, সাইফুল মাল জোরপূর্বক জমি দখলের পাঁয়তারা করছেন। ১২ মে মঙ্গলবার সাইফুল মালের লোকজন ওই সম্পত্তিতে প্রবেশ করে দখল নেওয়ার চেষ্টা চালায় এবং ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে। এসময় বাড়ির সীমানার মধ্যে খুঁটি পুঁতে রাখারও অভিযোগ করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
এ বিষয়ে প্রবাসী আউয়াল হোসেন মাল মুঠোফোনে জানান, “আমি দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় অবস্থান করছি। আমার বাড়িতে আমার ছোট ভাই, মা, স্ত্রী ও সন্তানরা বসবাস করেন। গত সোমবার দুপুরে সাইফুল ইসলাম মাল ও আল আমিন মাল ২০ থেকে ২৫ জন লোক নিয়ে আমার বাড়িতে প্রবেশ করে দখল করে এবং বাড়ির ভেতরে খুঁটি পুঁতে রাখে। আমি প্রশাসনের সহযোগিতা কামনা করছি।”
এই বিষয়ে জানতে চাইলে মালয়েশিয়া প্রবাসী আউয়াল মালের মা সেবেনা বেগম জানান, আমাদের নিজস্ব সম্পত্তি সাইফুল মালেরা দখল করতে চায়। আমি সাইফুল দের বলেছি আমার বড় ছেলে মালয়েশিয়া থেকে আসুক, তখন আমরা জমি জমার ভাগ-বাটোয়ারা নিয়ে তোমাদের সাথে বসব। কিন্তু ওরা জোর জবরদস্তি করে মঙ্গলবার আমাদের বাড়ি দখলের জন্য, মাটির পিলার গেড়ে রাখে। ওদের ভয়ে আমরা ঘরের তালা মেরে বসে থাকি। পরে আমার ছেলে আফজাল কে মারতে গেলে সে পালিয়ে আঙ্গারিয়া বাজারে চলে যায়। এখন আমরা আতংকে দিন কাটাচ্ছি। আমি প্রশাসনের কাছে সঠিক বিচার চাই।
এ বিষয়ে অভিযুক্ত সাইফুল ইসলাম মাল বলেন, “এটি আমাদের দাদার সম্পত্তি। আমার বাবা এই সম্পত্তির অংশ পাবেন। সে অনুযায়ী সমাজের লোকজন নিয়ে জমি মেপে সীমানা নির্ধারণ করেছি। আমি কারও বাড়ি দখল করিনি। যে জায়গাটুকু আমার সে জায়গা টুকু বুঝে নেয়ার জন্য শুধু ওই বাড়িতে গিয়ে খুঁটি পুতে চিহ্ন দিয়েছি।