আজ , , ,

ডামুড্যায় শিক্ষার্থীদের মাদকবিরোধী শপথ পাঠ করালেন জেলা প্রশাসক

“পদ্মার হাওয়ায় শপথ করি’ মাদক মুক্ত শরীয়তপুর গড়ি” এ স্লোগানকে সামনে রেখে শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় শিক্ষার্থীদের অংশগ্রহণে মাদকবিরোধী মতবিনিময় সভা, সচেতনতামূলক ক্যাম্পেইন ও শপথ পাঠ অনুষ্ঠিত হয়েছে। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করে তুলতে উপজেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বেলা ১২ সময় সরকারি ডামুড্যা মুসলিম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি ও সুধীজন উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সালাহউদ্দিন আইয়ুবী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শরীয়তপুর জেলা প্রশাসক তাহসিনা বেগম।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক তাহসিনা বেগম বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। বর্তমান প্রজন্মকে সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ উপহার দিতে হলে এখনই মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমরাই দেশের ভবিষ্যৎ। তোমাদের সচেতনতা ও দৃঢ় অবস্থানই পারে মাদকমুক্ত সমাজ গড়তে।
তিনি আরো বলেন, সরকার মাদক নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। ভবিষ্যতে সরকারি চাকুরী ও বিভিন্ন সুযোগ-সুবিধা গ্রহণের ক্ষেত্রে ডোপ টেস্ট বাধ্যতামূলক করার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
সভায় বক্তারা বলেন, মাদক প্রতিরোধে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়, বরং সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত প্রচেষ্টায় তরুণদের মাদক থেকে দূরে রাখা সম্ভব।
পরে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী শপথ পাঠ করানো হয়। শপথে তারা মাদক থেকে দূরে থাকা, অন্যদের নিরুৎসাহিত করা এবং একটি সুস্থ সমাজ গড়ে তুলতে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার করে।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে লিফলেট, পোস্টার ও অন্যান্য সচেতনতামূলক উপকরণ বিতরণ করা হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরণের কর্মসূচি অব্যাহত থাকবে, যাতে শিক্ষার্থীদের মধ্যে মাদকবিরোধী সচেতনতা আরও বৃদ্ধি পায়।

Share this news as a Photo Card


১২ অক্টোবর ২০২৬

ভেদরগঞ্জে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত

www.hongkar.com |
dailyhongkar