শরীয়তপুরের নড়িয়া উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে।
সোমবার (১৬ মার্চ) নড়িয়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন এর আয়োজনে এ মানবিক সহায়তা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে উপজেলার ১৪৬টি অসহায় পরিবারের মাঝে জনপ্রতি ৪ হাজার টাকা করে মোট ৫ লাখ ৮৪ হাজার টাকা বিতরণ করা হয়।
নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুুল কাইয়ুম খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য মোঃ সফিকুর রহমান (কিরণ)। এসময় উপস্থিত ছিলেন নড়িয়া সহকারি কমিশনার (ভূমি) লাকি দাস, নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাহার মিয়া, উপজেলা বিএনপি’র সভাপতি শামছুল আলম দাদন মুন্সী, সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ রয়েল মাঝীসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সরকার সবসময় অসহায় মানুষের পাশে রয়েছে। ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যেই প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এ সহায়তা প্রদান করা হচ্ছে। আপনারা সবাই তারেক রহমানের জন্য দোয়া করবেন।
সহায়তা পাওয়া এক উপকারভোগী বলেন, ঈদের আগে এই টাকা পেয়ে আমরা খুব খুশি। এতে করে পরিবারের জন্য কিছু কেনাকাটা করতে পারবো। সরকারের এই সহায়তা আমাদের জন্য অনেক উপকার হয়েছে।
অনুষ্ঠান শেষে উপকারভোগীদের হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়।