আজ , , ,

শরীয়তপুরে প্রতিবেশীর বাড়িতে কুকুর ছানা যাওয়া নিয়ে তুলকালাম কাণ্ড

শরীয়তপুরে এক প্রতিবেশীর বাড়িতে কুকুরছানা যাওয়াকে কেন্দ্র করে হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছে কুকুরছানার মালিক।
স্থানীয়, ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, শরীয়তপুর পৌরসভার নিরালা আবাসিক এলাকার বাসিন্দা জাহানারা বেগম একটি কুকুরছানা লালন পালন করে আসছেন। বেশ কিছুদিন আগে কুকুর ছানাটির মা মারা গেলে এক ব্যক্তির ফেসবুক স্ট্যাটাস দেখতে পেয়ে তার ছেলে জহিরুল ইসলাম বাপ্পির মাধ্যমে কুকুর ছানাটিকে তাদের বাসায় নিয়ে আসেন। এরপর থেকেই বাচ্চাটিকে ফিডারের মাধ্যমে গরুর দুধ খাইয়িয়ে বাঁচিয়ে রেখেছেন। গতকাল শনিবার জাহানারা বেগম বাসার বাহিরে বের হলে কুকুরছানাটি সকলের অগোচরে প্রতিবেশী বিল্লাল খানের বাসায় চলে যায়। এরপর বিল্লাল খান কুকুর ছানাটিকে মারধর করে বেঁধে রাখে বলে অভিযোগ জাহানারা বেগমের পরিবারের। বিষয়টি জানতে পেরে সেই বাসা থেকে কুকুরছানাটিকে ছাড়িয়ে নিতে যান বাপ্পি। বিষয়টি নিয়ে বাড়ির মালিক বিল্লাল খানের সাথে বাকবিতন্ডায় জড়ায় তারা। পরে দুপক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। তখন বিষয়টি বিল্লাল খান তার আত্মীয়দের জানায়। পরে স্থানীয়রা বিষয়টি মিমাংসা করে দেয়। তবে পরবর্তীতে বিল্লাল খানের লোকজন সেটি উপেক্ষা করেই জাহানারা বেগমের বসতবাড়িতে হামলা চালায় বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের। এসময় হামলাকারীরা দুটি মোটরসাইকেল ও ঘরবাড়ি ভাংচুর করে বলে অভিযোগ উঠে। বিষয়টি নিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন জাহানারা বেগম।
জাহানারা বেগম বলেন, কুকুর ছানাটির মা রোড এক্সিডেন্ট করে মারা গেলে এক লোক ফেসবুকে স্ট্যাটাস দেয়। তখন আমি সেটি দেখতে পেলে ছেলেকে দিয়ে কুকুরছানাটি আমার বাড়িতে নিয়ে আসে। ছানাটি সকলের সাথে খুবই বন্ধুত্বপূর্ণ আচরণ করে। গতকাল আমি বাসায় না থাকায় কুকুরটি প্রতিবেশী বিল্লাল খানের বাড়িতে ঢুকে গেলে ছানাটিকে তারা মারধর করে। পরে আমার ছেলে সেখানে গেলে হাতাহাতি হয়। পরে তারা আবার আমার বাড়িঘরে হামলা চালিয়ে মোটরসাইকেল ভাংচুর করে। আমি এই ঘটনার বিচার চাই।
জাহানারা বেগমের ছেলে বাপ্পি বলেন, বাচ্চাটি খুবই ভালো। কাউকে কামরও দেয় না। এর আগে কখনো প্রতিবেশীর বাড়িতে যায়নি। কাল গেট খোলা পেয়ে ভেতরে চলে যায়। ও তো অবলা প্রাণী, কার বাসা কোনটা বুঝে না। তাদের বাড়িতে যাওয়ায় তারা বাচ্চাটিকে মেরেছে আর জাল দিয়ে বেঁধে রেখেছে। আমি ছাড়িয়ে আনতে গেলে আমাকে অকথ্য ভাষায় গালাগাল করা হয়। পরে তারাই আবার আমাদের বাড়িতে হামলা চালায়।
এ বিষয়ে অভিযুক্ত বিল্লাল খান বলেন, কুকুর যদি গায়ে লাগে তাহলে আবার অযু করতে হয়। বার বার কি আর অযু করা যায়? আমার ছেলে হেফজু পড়তেছে। তাই আমি তাদের বলেছি কুকুরটি বেঁধে পালতে। কিন্তু তারা সেই কথা শুনে না। কাল সেই বিষয় নিয়ে আমার ছেলের সাথে এককথায় দুই কথায় গায় হাত দেয় আর অকথ্য ভাষায় গালাগালি করে এবং আমার গেটে হামলা চালায়।
বিষয়টি নিয়ে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, কুকুর যাওয়াকে কেন্দ্র করে মারামারি হাতাহাতি আর ইটপাটকেল নিক্ষেপ করা হয়েছে বলে জানতে পেরেছি। এ বিষয়ে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

Share this news as a Photo Card


০৬ আগস্ট ২০২৬

শরীয়তপুরে ডেঙ্গু প্রতিরোধে মানবতার আলো ফাউন্ডেশনের র‌্যালি

www.hongkar.com |
dailyhongkar