বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দেশে যদি কোন নির্বাচিত সরকার থাকতো তাহলে তাদের প্রতিটি ব্যর্থতার জন্য জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকতো। আর এই জবাবদিহিতার কারণে নির্বাচিত সরকার সঠিকভাবে কাজ করতে বাধ্য থাকতো। তাই এই মুহুর্তে আমাদের একটাই লক্ষ্য আগামী ১২ ফেব্রুয়ারি একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত সরকার গঠন করা।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে শরীয়তপুর সদর ও জাজিরা উপজেলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি আয়োজিত ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক এমপি সরদার একেএম নাসির উদ্দীন কালু, সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর-১ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাঈদ আহমেদ আসলাম। এসময় বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ফ্রি মেডিক্যাল ক্যাম্পে শতাধিক বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে কয়েক হাজার মানুষকে বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও ঔষধ প্রদান করা হয়।
রিজভী বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক নয় বরং প্রতিদিনই এর অবনতি হচ্ছে। আগামী নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনারের উচিত আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করা।
এসময় তিনি আরও বলেন, এদেশের মানুষ দীর্ঘ ১৭ বছর ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেনি, এখন মানুষ চায় নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে তারপর পছন্দ মতো প্রার্থীকে ভোট দেবে। এই নিশ্চয়তা নির্বাচন কমিশনার কে করে দিতে হবে। বিগত দিনে জনগণের যেভাবে ভোটাধিকার হরণ করা হয়েছে তা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ফিরিয়ে দিতে হবে।