আপনারা আমার পরিবার, আমি এই এলাকার সন্তান। ২০১৮ সালে আমার উপরে কি হয়েছিল আপনারা তা জানেন। আমি আপনাদেরকে এখনকার মতনই আপন করে নেওয়ার জন্য এসেছিলাম। আমার উপরে নির্মমভাবে হামলা করা হয় হত্যার উদ্দেশ্যে, আমাকে রক্তাক্ত করেছিলো। আট বছর কারাবরণ করতে হয়েছে। বিনা চিকিৎসায় আমি বন্দি ছিলাম। আপনাদের দোয়ায় আমি আবার আপনাদের মাঝে ফিরে আসতে পেরেছি। আপনাদের ভালোবাসায় আমি আপনাদের কাছে কৃতজ্ঞ।
রবিবার (১৮ জানুয়ারি) দুপুরে ডামুড্যা উপজেলার পূর্ব ডামুড্যা ইউনিয়নের শম্ভুকাটি এলাকায় সাধারণ মানুষের সাথে সৌজন্য সাক্ষাতের সময় একথা বলেন শরীয়তপুর-৩ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মিয়া নুরুদ্দিন আহমেদ অপু।
তিনি আরো বলেন, ২০১৮ সালে আমার উপর যার হামলা করেছে তাদের ক্ষমা করে দিয়েছি। আমরা তাদের জন্য দোয়া করব। আল্লাহ যেন তাদের হেফাজত করেন। আগামী দিনে আমরা কোন হিংসা চাই না। কাঁধে কাঁধ মিলিয়ে বুকে বুক মিলিয়ে আধুনিক শরীয়তপুর গড়ে তুলবো। আমাদের শরীয়তপুর কে অবহেলিত শরীয়তপুর বলা হয়। আমরা এটাকে আধুনিক শরীয়তপুর হিসেবে রূপান্তরিত করব।
এর আগে তিনি আলহাজ্ব আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয় ও দারুস সালাম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলার সামগ্রী বিতরণ করেন। এছাড়া দারুস সুন্নাহ আলিম মাদ্রাসা ও তালিমুস সুন্নাহ আইডিয়াল মাদ্রাসা শিক্ষার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।