শরীয়তপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান একজন রনাঙ্গণের বীর মুক্তিযোদ্ধা, মহান স্বাধীনতার ঘোষক ও বীর উত্তম। তার সুযোগ্য সন্তান জননেতা তারেক রহমান মুক্তিযোদ্ধার সন্তান। আগামী নির্বাচনে বিএনপি বিজয়ী হলে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠিত হলে আর কোন মুক্তিযোদ্ধা বা তাদের সন্তানরা অবহেলিত থাকবে না। তিনি ভেদরগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধাদের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন।
শনিবার (১৭ জানুয়ারি) মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে মুক্তিযুদ্ধের যুদ্ধকালিন কমান্ডার আব্দুল মান্নান রাড়ির সভাপতিত্বে মতবিনিময় সভায় তিনি আরো বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিয়োদ্ধাদের পাশে দাঁড়িয়ে স্বাধীনতার ঘোষণা দিয়ে ছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। আর মুক্তিযোদ্ধাদের জন্য সম্মানি ভাতা প্রচলন করে ছিলেন তার সহধর্মিনী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বিএনপি সব সময় মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান দিয়ে এসেছে। আমাদের দল মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি।
এ সময় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মাস্টার তোফাজ্জল হোসেন মোড়ল, আলী আজম ফরিদী, মাস্টার আব্দুল খালেক সরদার, সিকদার আবদুল মান্নান, জাহাঙ্গীর সরকার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র আহবায়ক হাবিবুর রহমান তালুকদার রতন, সদস্য আবুল হাসেম ঢালী, আসলাম মাঝি, বিএম মোস্তফা, বিএনপি নেতা বারেক খানসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল ও মহিলাদলের নেতৃবৃন্দ।