আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে শরীয়তপুরের তিনটি সংসদীয় আসনে মোট ২৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এতে বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরাও অংশ নিয়েছেন।
শরীয়তপুর-–১ (পালং-জাজিরা) আসনে মোট ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. মোশারফ হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিশের জালালুদ্দীন আহমদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. তোফায়েল আহমেদ, গণ অধিকার পরিষদের ফিরোজ আহমেদ, নাগরিক ঐক্যের নুরুল ইসলাম, এনসিপির আব্দুর রহমান, বাংলাদেশ সুপ্রিম পার্টির নূর মোহাম্মদ মিয়া এবং স্বতন্ত্র প্রার্থী সৈয়দ নজরুল ইসলাম।
শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনে সর্বোচ্চ ১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি সফিকুর রহমান কিরণ, জামায়াতে ইসলামীর অধ্যাপক ডা. মাহমুদ হোসেন বকাউল, ইসলামী আন্দোলন বাংলাদেশের ইমরান হোসেন, খেলাফত আন্দোলনের মাহমুদুল হাছান, গণ অধিকার পরিষদের আখতারুজ্জামান সম্রাট, জাতীয় পার্টির জসিম উদ্দিন, বাংলাদেশ খেলাফত মজলিসের দবির হোসেন শেখ, জনতার দলের পারভেজ মোশারফ এবং স্বতন্ত্র প্রার্থী ফারহানা কাদির রহমান, আলমগীর হোসেন ও নাসির বন্দুকছি।
শরীয়তপুর-৩ (ভেদরগঞ্জ-ডামুড্যা–-গোসাইরহাট) আসনে মোট ৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন, বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোহাম্মদ আজাহারুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের হানিফ মিয়া এবং জাতীয় পার্টির আব্দুল হান্নান।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, নির্ধারিত সময় অনুযায়ী মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। এরপর প্রার্থীতা প্রত্যাহার ও প্রতীক বরাদ্দের মাধ্যমে শুরু হবে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা।