প্রথম আলো, দি ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে মানববন্ধন করেছে শরীয়তপুর প্রেস ক্লাব। ২২ ডিসেম্বর বিকেল ৪টায় শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধনে শরীয়তপুরে কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় সাংবাদিকরা বলেন, শুধু প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা কার্যালয়ে হামলা করা হয়নি। শরীয়তপুর, খুলনাসহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের উপর হামলা, নির্যাতন ও নিপিড়ন করা হয়েছে। এটি স্বাধীন গণমাধ্যমের গলা চিপেধরার শামিল। এই ধরণের সন্ত্রাসী কর্মকান্ডের দায়ভার সরকারকেই নিতে হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বাসস শরীয়তপুর প্রতিনিধি মজিবর রহমান, আরটিভি শরীয়তপুর প্রতিনিধি আবুল হোসেন সরদার, সংগ্রাম শরীয়তপুর প্রতিনিধি কেএম মকবুল হোসেন, একুশে টেলিভিশন শরীয়তপুর প্রতিনিধি আবুল বাশার, যুগান্তর শরীয়তপুর প্রতিনিধি রায়হান কবির সোহেল, চ্যানেল ২৪ শরীয়তপুর প্রতিনিধি নুরুল আমিন রবিন, ডিবিসি শরীয়তপুর প্রতিনিধি রাজিব হোসেন রাজন প্রমূখ।