শরীয়তপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে তারুণ্য নির্ভর নতুন বাংলাদেশ গঠনে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) শরীয়তপুর জেলা তথ্য অফিসের আয়োজনে বেলা ১১ টায় শরীয়তপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তারুণ্য নির্ভর নতুন বাংলাদেশ গঠনে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তাহসিনা বেগম। জেলা তথ্য অফিসার মোঃ শাহিন মিয়ার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম (পিপিএম-সেবা)।
বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইমরুল হাসান, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মুহাম্মদ মনিরুজ্জামান, শিক্ষার্থী মো: আরহাম ও মিম। আলোচনা সভায় উপস্থিত ছিলেন নাগরিক সমাজের প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রোনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীবৃন্দ।
আলোচনা সভায় বক্তরা বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান নতুন বাংলাদেশ নির্মাণে দিগন্ত উন্মোচন করেছেন। ৫ আগস্ট, ২০২৪ ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের সফলতার পর এখন সময় এসেছে নতুন করে রাষ্ট্রকে গঠন করার যেখানে কোন বৈষম্য থাকবেনা, মানুষে মানুষে কোন ভেদাভেদ থাকবেনা, মানুষের বাক স্বাধীনতা, রাজনৈতিক সহনশীলতা, সামাজিক সুবিচার ও মৌলিক মানবাধিকার থাকবে। তরুণ জনগোষ্ঠীকে শিক্ষা-দীক্ষা ও প্রশিক্ষণে দক্ষ করে বাংলাদেশে বিদ্যমান ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বা জনমিতিক সুবিধা কাজে লাগিয়ে বাংলাদেশকে উন্নত, সমৃদ্ধ ও কল্যাণকর রাষ্ট্র বিনির্মাণ করতে হবে। বক্তারা আরও বলেন, রাষ্ট্র পরিচালনায় তরুণদের মধ্যে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করে তাদের অংশগ্রহণ নিশ্চিত করা দরকার। তরুণরা যাতে তাদের আশা-আকাঙ্খা-, মেধা ও দক্ষতা কাজে লাগিয়ে রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করতে পারে সেজন্য রাষ্ট্র পরিচালনা নীতি তৈরীতে তাদের অংশগ্রহণ করতে হবে। এজন্য তরুণদের মাদকের ভয়াবহতা, কিশোর গ্যাং ও সন্ত্রাসবাদের মতো অনাচার থেকে তাদের দূরে থাকতে হবে এবং এসব সমস্যা সমাধানে তাদের মধে দেশপ্রেম, মূল্যবোধ, সততা ও নৈতিকতা জাগ্রত করতে হবে।