শরীয়তপুরের জাজিরা প্রান্তে পদ্মা সেতুর দক্ষিণ প্লাজার সংলগ্ন নাওডোবা ইউপির তস্তারকান্দি এলাকায় বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে দুর্বৃত্তদের হামলায় এক পুলিশ সদস্য আহত হয়েছেন। এসময় তারা একটি চিনির ট্রাকে আগুন ধরিয়ে দেয়, পুলিশের একটি গাড়ি উদ্দেশ্য করে ককটেল বোমা নিক্ষেপ করে, এতে পুলিশের গাড়ির সামনের কাচ ভেঙ্গে যায়। এর পুর্বে পদ্মাসেতু-ভাংগা এক্সপ্রেস ওয়েতে তারা একটি মিছিল বের করে। এ সময় তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা এবং লকডাউন বাস্তবায়ন নিয়ে বিভিন্ন ধরণের স্লোগান দেন। এবং সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে। এই সময় অন্তত ৩০ মিনিট যান চলাচল বন্ধ থাকে।
৩৮ ও ৫২ সেকেন্ডের ভিডিও সুত্রে জানা যায়। এরা সবাই শরীয়তপুর জেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মী। আওয়ামীলীগের অফিসিয়াল পেইজের ৩৮ সেকেন্ডের ভিডিওটি আপলোড করা হয়েছে।
পদ্মা সেতুর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: গোলাম রসূল সকাল ৯ টা ৫ মিনিটে জানান, সকাল ভোর ৬টা ১০ মিনিটের দিকে আনুমানিক ২০০ থেকে ৩০০ দুর্বৃত্ত পদ্মা সেতুর দক্ষিণ প্লাজার সংলগ্ন এক্সপ্রেসওয়েতে মিছিল বের করে। এ সময় সড়কে তারা আগুন জ্বালালে কিছুক্ষণ সড়কের যান চলাচল বন্ধ ছিল। এ সময় তারা বেশ কয়েকটি ককটেল বোমার বিস্ফোরণ ঘটায়। পুলিশ তাদেরকে নিবৃত করতে গেলে তারা পুলিশকে উদ্দেশ্য করে ককটেল বোমা নিক্ষেপ করে। এই সময় ককটেল বোমার আঘাতে পুলিশের গাড়ির সামনের কাঁচ ভেঙ্গে যায়। এবং একজন পুলিশ সদস্য আহত হন।
তিনি অরো বলেন, পরে দুর্বৃত্তরা এক্সপ্রেসওয়ের বাইরে গিয়ে নাওডোবা ইউপির তস্তারকান্দি এলাকায় একটি চিনিবাহি ট্রাকে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়। এ সময় সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। আর আমাদের একজন পুলিশ সদস্য সামান্য আহত হয়েছে।
আমরা দুর্বৃত্তদের পরিচয় বের করার চেষ্টা করছি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।