জাতীয় যুব শক্তির শরীয়তপুর জেলা কমিট ঘোষনা করা হয়েছে। শনিবার রাত ৯টার দিকে সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজে ৪১ সদস্যর আহবায়ক কমিটির একটি তালিকা পোষ্ট করা হয়। এরপর ওই কমিটির সদস্য সচিব আমিন মোহাম্মদ জিতু তাকে দেয়া পদ থেকে পদত্যাগ করেছেন।
জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) ও জাতীয় যুবশক্তির নেতারা জানান, শনিবার শরীয়তপুরের কয়েকজন নেতা জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় নেতাদের সাথে দেখা করেন। এরপর রাতে ৪১ সদস্যর শরীয়তপুরের আহবায়ক কমিটি ঘোষনা করা হয়। তাতে কাওসার মৃধাকে আহবায়ক ও আমিন মোহাম্মদ জিতুকে সদস্য সচিব করা হয়। ওই কমিটি ঘোষনার ২০ মিনিট পর রাত ৯টা ২০ মিনিটের সময় সদস্য সচিবের পদ হতে আমিন মোহাম্মদ পদত্যাগ করেন। কেন্দ্রীয় কমিটির আহবায়কের বরাবরে এ পদত্যাগ করা হয়। তার ফেসবুক পেজে ওই পদত্যাগের ঘোষনা দিয়েছেন। ব্যক্তিগত কারন দেখিয়ে পদত্যাগ করা হয়েছে।
জানতে চাইলে আমিন মোহাম্মদ জিতু বলেন, আমি বিভিন্ন সামাজিক সংগঠন নিয়ে সামাজিক আন্দোলন করছি। এই মুহুর্তে কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত হতে চাই না। তাই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। গতকাল রাতে ফেসবুকে ঘোষনা দিয়েছি। আজ কেন্দ্রীয় কমিটির নেতাদের কাছে লিখিত পৌছে দেব।
জাতীয় যুবশক্তির শরীয়তপুর জেলা কমিটির আহবায়ক কাওসার মৃধা বলেন, গতকালকে শরীয়তপুরের বেশ কয়েকজন নেতাকে নিয়ে যুবশক্তির কেন্দ্রীয় নেতারা বসেছিলেন। আমাদের নানা ধরণের প্রশ্ন করেছেন। তারা আমাদের সম্পর্কে বুঝেছেন। ওই সকল সভা গুলোতে আমাদের সাথে আমিন মোহাম্মদ জিতুও ছিলেন। তাকে কমিটিতে রাখা হবে এমন ইঙ্গিতও পেয়েছেন। এরপর রাতে কমিটি ঘোষণা করা হয়েছে। তার কিছুক্ষন পরই দেখলাম আহবায়ক কমিটির সদস্য সচিব পদ হতে তিনি পদত্যাগ করেছেন। কিন্তু কেন এমন সিদ্ধ্ন্ত নিয়েছেন তা বলতে পারছি না।