জামায়াতের সাথে যারা জড়িত হয় শুরু থেকেই তাদের ৫টি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। তার মধ্যে একটি পরিস্কার পরিচ্ছন্নতা। এছাড়াও তাদের সমাজের কাজ করতে নির্দেশনা দেওয়া হয়। জামায়াত কর্মীদের কাজে যেন মানুষ আকৃষ্ট, উৎসাহিত ও অনুপ্রাণিত হয়। তারই অংশ হিসেবে ৭ নভেম্বর শুক্রবার সকালে শরীয়তপুর পুলিশ সুপারের কার্যালয় থেকে শরীয়তপুর পৌরসভা স্কুল অভিমুখী সড়কে পরিস্কার পরিচ্ছন্নতার কাজ উদ্বোধন কালে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদপুর অঞ্চল টিম সদস্য মাওলানা খলিলুর রহমান এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বিশে^র উন্নত দেশে কোন পরিচ্ছন্ন কর্মী নেই। তবুও তাদের রাস্তাঘাট পরিস্কার পরিচ্ছন্ন। পরিস্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। ইউরোপের মানুষের ঈমান নেই তবুও তারা নিজেরাই সচেতন। তারা নিজেদের কাজ নিজেরা করে এবং রাস্তাঘাট সহ সমাজকে পরিচ্ছন্ন রাখেন। আজ আমরা পরিস্কার পরিচ্ছন্নতার কাজ উদ্বোধন করেছি। ধারাবাহিক ভাবে আমাদের এই কাজ চলবে। আমাদের উদ্দেশ্য মানুষকে সচেতন করা। পরবর্তীতে তারাই নিজ সমাজ ও এলাকা পরিচ্ছন্ন রাখতে পারবেন।
কর্মসূচীর উদ্বোধন করেন শরীয়তপুর-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মোশারফ হোসেন মাসুদ, আঞ্চলিক টিম সদস্য মাওলানা খলিলুর রহমান. জেলা নায়েবে আমীর মাওলানা কেএম মকবুল হোসাইন, শরীয়তপুর পৌর জামায়াতের সভাপতি আব্দুর জব্বার মীর, সেক্রেটারী মিজানুর রহমান পাহাড়, জামায়াত নেতা মতিউর রহমান প্রমূখ। ধারাবাহিক ভাবে এই কাজ চলবে বলেও জানিয়েছেন জামায়াত নেতৃবৃন্দ।