আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে শরীয়তপুরের নড়িয়া উপজেলা বিএনপি দলীয় মনোনয়ন বিক্রি শুরু করেছেন। বিক্রির দ্বিতীয় দিন ৯ নভেম্বর সোমবার দুপুরে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন নড়িয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম ছৈয়াল। এ সময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী আলী আজম ছৈয়াল বলেন, আমরা বিশ্বাস করি শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. শফিকুর রহমান কিরণ এবং দল আমার দীর্ঘদিনের ত্যাগ ও বিগত দিনের সাংগঠনিক কর্মকাণ্ডের মূল্যায়ন করবেন। দলীয় মনোনয়ন পেলে বিজয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। নির্বাচিত হলে ফতেজঙ্গপুর ইউনিয়নের উন্নয়নে এবং কিরণ ভাইয়ের হাতকে শক্তিশালী করতে কাজ করব।
উল্লেখ্য, আলী আজম ছৈয়াল বর্তমানে নড়িয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি জেলা যুবদলের সহ-সভাপতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক, নড়িয়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব, ভোজেশ্বর আঞ্চলিক শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং ফতেজঙ্গপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। জন সমর্থন তার পক্ষে রয়েছে। দল তাকে মনোয়ন দিলে বিজয় শতভাগ নিশ্চিত হবে বলে তিনি আশাবাদী।