শরীয়তপুরে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে যৌথভাবে এ কর্মসূচি শুরু হয়।
বিক্ষোভ মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন বিদ্যুৎ, জেলা ছাত্রদলের আহ্বায়ক জাকির হোসেন হাওলাদার এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমানুর রহমান আমান বক্তব্য দেন।
এ সময় বক্তারা সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংসতার বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। পাশাপাশি দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে রাজপথে থাকার কথা জানান তারা।
জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন বিদ্যুৎ বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে শরীয়তপুর জেলা যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
তিনি আরও বলেন, শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে এবং সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপি ও এর অঙ্গ-সহযোগি সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছে।
সমাবেশে জেলা যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।