স্পেনের বার্সেলোনায় প্রবাসী শরীয়তপুরবাসীদের অন্যতম প্রাচীণ সংগঠন ‘শরীয়তপুর জেলা সংগঠন, বার্সেলোনা’র নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে জাকির হোসেন খানকে সভাপতি এবং সারোয়ার হিরণকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
২০১১ সালে প্রতিষ্ঠিত সংগঠনটির উদ্যোগে সম্প্রতি বার্সেলোনায় এক নৈশভোজ ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন হাজী মোহাম্মদ সুলতান হোসেন বেপারী এবং সঞ্চালনা করেন আল আমিন।
অনুষ্ঠানে বার্সেলোনায় বসবাসরত বিভিন্ন জেলা সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, বার্সেলোনা প্রেস ক্লাবের সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন।
আলোচনা সভায় প্রবাসে বসবাসরত শরীয়তপুরবাসীর মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
পরে অনুষ্ঠানের শেষ পর্যায়ে নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে হাজী মোহাম্মদ সুলতান হোসেন বেপারীকে প্রধান উপদেষ্টা, জাকির হোসেন খানকে সভাপতি, সারোয়ার হিরণকে সাধারণ সম্পাদক এবং আল আমিনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ বলেন, প্রবাসে শরীয়তপুরবাসীর মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং যেকোনো প্রয়োজনে একে অপরের পাশে দাঁড়ানোর লক্ষ্যে সংগঠনটি কাজ করবে।