শরীয়তপুর পৌর এলাকার আংগারিয়া বাজারের চাল ব্যবসায়ীর বাড়ি থেকে খাদ্য গুদামের সরকারি চাল উদ্ধার করেছেন উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। ৩০ আগস্ট সোমবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চরপাতাং গ্রামের চাল ব্যবসায়ী রব হাওলাদারের বাড়ি থেকে এই চাল উদ্ধার করা হয়।
জানাগেছে, সোমবার দুপুরে আংগারিয়া খাদ্য গুদামের ৫২ বস্তা সরকারি চাল ব্যবসায়ী রব হাওলাদারের বাড়িতে নিতে দেখেন স্থানীয়রা। বিষয়টি প্রশাসনকে জানালে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা খাতুন অভিযান পরিচালনা করে সরকারি চাল উদ্ধার করেন। উদ্ধারকৃত ৫২ বস্তা চাল আঙ্গারিয়া খাদ্য গুদাম থেকে নেয়া হয়েছে। তবে এ চাল খোলাবাজারে বিক্রির জন্য নকি পুলিশের রেশনের তা তদন্ত করে জানা যাবে। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা খাতুন বলেন, খবর পেয়ে ব্যবসায়ী আব্দুর রব হাওলাদারের বাড়ি গিয়ে ৫২ বস্তা সরকারী খাদ্য গুদামের চাল পেয়েছি। তদন্ত করে চালের সঠিক পরিচয় জানা যাবে।জেলা খাদ্য কর্মকর্তা মো. নুরুল হক বলেন, এই চাল আমরা রেশন হিসেবে জেলা পুলিশকে দিয়েছি। পুলিশ চাল কি করেছে তা বলতে পারবোনা। তবে বিষয়টি আমরা খতিয়ে দেখব।এ বিষয়ে পুলিশ সুপার এস.এম. আশরাফুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ও ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গিয়েছে। তারা তদন্ত করে ব্যবস্থা নেবেন।