শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা সড়কে চলমান ভূমি অধিগ্রহণ কার্যক্রম শতভাগ স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত করতে উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্যামেরাযুক্ত ড্রোনের ব্যবহার শুরু করেছে কর্তৃপক্ষ। এই ড্রোনের সাহায্যে প্রকল্প এলাকার ভিডিও ধারণ করা হচ্ছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পদ্মা সেতুর মূল সড়ক থেকে শরীয়তপুর সদর পর্যন্ত সড়ক চারলেনে উন্নীত করার জন্য জমি অধিগ্রহণ কার্যক্রম শুরু হয়েছে। জমি অধিগ্রহণ শুরু হলে একটি মহল অসৎভাবে লাভবান হতে গণবিজ্ঞপ্তির পরেও অধিগ্রহণাধীন এলাকায় বিভিন্ন স্থাপনা নির্মাণ করে। যারা গণবিজ্ঞপ্তির পর স্থাপনা উত্তোলন করেছে তাদের চিহ্নিত করতে এই প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে।
যে সকল দালাল চক্র ও অসাধু কর্মচারী পরিকল্পনা করে সরকারের অর্থ অপচয় করতে চেয়েছিল এই প্রক্রিয়ার মাধ্যমে তা ভেস্তে যাবে বলে ধারণা করা হচ্ছে। প্রকৃত ক্ষতিগ্রস্ত ব্যক্তি যেন সুবিধা বঞ্চিত না হয় সেই দিকে খেয়াল রেখেই এই ড্রোন পদ্ধতির ব্যবহার করা হচ্ছে।
এই সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আসমাউল হুসনা লিজা, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা আছাদুলহক, জাজিরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাফে মোহাম্মদ, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার খান সালমান হাবীব, সড়ক জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী সফিকুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।