শরীয়তপুর সদর উপজেলার তুলাসার ইউনিয়নের আড়িগাঁও বাজারে পূর্ব পাশে আনসার-ভিডিপি’র উন্নয়ন ক্লাব সমিতির বে-দখল হয়ে থাকা ৬ শতাংশ জমি পুনরুদ্ধার করেন সদর উপজেলা আনসার-ভিডিপি’র কর্মকর্তা নাসরিন সুলতানা।
জমিরদাতা তুলাসার ইউনিয়নে স্থায়ী বাসিন্দা মৃত মোঃ নয়ন সরকার ১৯৯০ সালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহা পরিচালকে দানপত্র করে দেন।
অফিস ও স্থানীয় সূত্রে জানা যায়, তুলাসার ইউনিয়নে আড়িগাঁও বাজারের পূর্ব পাশে দলিলকৃত ৬ শতাংশ আনসার ভিডিপি’র জমি এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তিরা দীর্ঘদিন ধরে নিজেদের দখলে রেখে ছিলো। অফিস কর্তৃক কয়েক দফা নোটিশ প্রদান করার পরেও দখল ছেড়ে না দেওয়ায় সদর উপজেলা আনসার কোম্পানি কমান্ডার মোঃ মনির হোসেনের সহযোগিতায় ক্লাব সমিতির জমির সকল কাগজপত্র, খতিয়ান, পর্চা সংগ্রহ করে জায়গা মেপে দখলদারের কাছ থেকে জমি পুনরুদ্ধার করে চার কোনে দেওয়াল, বৃক্ষরোপণ ও আনসার-ভিডিপি’র উন্নয়ন ক্লাবের সাইনবোর্ড স্থাপন করে প্রাচীন সীমানা করতে সক্ষম হয়েছে।
সদর উপজেলা আনসার-ভিডিপি’র কর্মকর্তা নাসরিন সুলতানার সার্বিক তত্ত্বাবধানে সদর উপজেলা আনসার-ভিডিপি’র প্রশিক্ষক মোঃ ফররুখ আহমদ, সদর উপজেলা আনসার কোম্পানি কমান্ডার মনির হোসেন সহ আনসার-ভিডিপি’র সদস্যদের সঙ্গে নিয়ে জমি উদ্ধার করে ক্লাবের দখলে নেওয়া হয়।
আনসার-ভিডিপি’র কর্মকর্তা নাসরিন সুলতানা জানান, কয়েক বছর ধরে ঐ সম্পত্তি বেদখল ছিল। উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে পরামর্শ করে কয়েক মাস দফায় দফায় দেন-দরবারের পর কোন প্রকার বিবাদ ছাড়াই কৌশলে অবৈধ দখলদার সড়িয়ে মূল্যবান সম্পত্তি আনসার ভিডিপি দখলে নেয়া হয়েছে। সকলের সহযোগিতা পেলে আনসার-ভিডিপি’র ক্লাব সমিতির পূর্ণগঠন করে সদস্যদের আর্থ-সামাজিক উন্নয়নে অবদান মূলক কার্যক্রম গ্রহণ করা হবে।