শরীয়তপুর জেলা প্রশাসক তাহসিনা বেগম বলেছেন, আমরা সকলে মিলে এ বছর শরীয়তপুর জেলায় দুর্গার পূজা শান্তিপুর্ণভাবে সম্পন্ন করতে সক্ষম হয়েছি। এর জন্য জেলাবাসীর সাথে সাথে পুলিশ ও আনসার বাহিনীর ভূমিকার জন্য ধন্যবাদ। চলমান মা ইলিশ সংরক্ষণ অভিযানকেও আমরা সফল করতে চাই। তার জন্য সকলের আন্তরিক সহযোগিতা দরকার। শরীয়তপুর জেলার মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রোববার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক তাহসিনা বেগমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মো: নজরুল ইসলাম পিপিএম, সিভিল সার্জন ডা. মোঃ রেহান উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট পিংকি সাহা, বাসস শরীয়তপুর জেলা প্রতিনিধি মজিবুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী শরীয়তপুর জেলা শাখার আমির মাওলানা আবদুর রব হাশেমী, সাংবাদিক আবুল হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহবায়ক ইমরান আল নাজির, বিভিন্ন উপজেলা নির্বাহী অফিসারগণ, সহকারি কমিশনারবৃন্দ ছাড়াও আইন-শৃঙ্খলা কমিটির সদস্যগণ।
সভায় বক্তারা জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে মন্তব্য করে বলেন, আমরা সকলে মিলে কাজ করলে আল্লাহর রহমতে কেউ কোন সমস্যা সৃষ্টি করতে পারবে না।