মা ইলিশ রক্ষায় শরীয়তপুরের গোসাইরহাটে যৌথ অভিযানে ৪৫০ কেজি মা ইলিশ জব্দ করা হয়েছে। এসব মাছ স্থানীয়দের উপস্থিতিতে ১২টি এতিমখানায় বিতরণ করা হয়েছে। এ সময় তিনটি ট্রলার জব্দ করা হয়।
ইলিশের প্রজণন মৌসুমে ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন মা ইলিশ ধরায় নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এ সময়ে ইলিশ আহরণ, পরিবহণ, মজুদ ও বাজারজাতকরণ মৎস্য আইনে দণ্ডনীয় অপরাধ।
মা ইলিশ রক্ষায় গোসাইরহাটে শনিবার (১১ অক্টোবর) সকালে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। মেঘনা নদী এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী, জেলা প্রশাসন, জেলা পুলিশ ও মৎস্য দপ্তরের যৌথ নেতৃত্বে রাতভর অভিযান পরিচালনা করা হয়।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল কাশেম জানান, মা ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালীন শনিবার সকাল ৬টার দিকে কোদালপুর ইউনিয়নের মাছুয়াখালী গ্রামের মেঘনা শাখা নদী থেকে তিনটি ট্রলারযোগে ইলিশ পরিবহণ করার সময় তাদের গতিরোধ করে। এ সময় মাছের ট্রলার রেখে লোকজন পালিয়ে যায়। পরে আমরা মাছসহ ট্রলার জব্দ করি।