ফরিদপুর বিভাগ ঘোষণার প্রক্রিয়ায় শরীয়তপুর জেলার নাম আন্তর্ভুক্ত করায় ক্ষোভ প্রকাশ করে সংবাদ সম্মেলন করেছেন জাগো শরীয়তপুর সংগঠন। ২৯ সেপ্টেম্বর সোমবার দুপুরে শরীয়তপুর চিকন্দী ফুড পার্কে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শরীয়তপুর জেলা ছাত্রদলের আহবায়ক এইচ এম জাকির হোসেন। তিনি বলেন, অন্তবর্তীকালিন সরকার প্রশাসনিক বিকেন্দ্রীকরণে নতুন বিভাগ গঠনের পরিকল্পনা করে আসছে। শরীয়তপুর জেলা ভৌগোলিক ভাবে ঢাকা বিভাগের নিকটবর্তী হওয়ায় সামাজিক, সাংস্কৃতিক, বাণিজ্যিক ভাবে ঢাকার সাথে জড়িত। তাই শরীয়তপুর জেলাকে ফরিদপুর বিভাগে অন্তর্ভুক্ত করা অযৌক্তিক।
সংবাদ সম্মেলন থেকে অন্যান্য বক্তারা বলেন, শরীয়তপুরের জাজিরা, নাড়িয়া, সখিপুর, ডাম্যুা, গোসাইরহাটের সাথে ঢাকার সরাসরি নৌপথে যোগাযোগ রয়েছে। পদ্মা সেতুর মাধ্যমে সড়ক যোগাযোগও হয়েছে সহজলভ্য। শরীয়তপুরবাসী তাদের প্রয়োজনে যে কোন সময় ঢাকা যেতে পারে। পদ্মা সেতু থেকে ঢাকার দূরত্ব ২৭ কিলোমিটার। শরীয়তপুর থেকে ফরিদপুরের দূরত্ব ৯০ কিলোমিটার। শরীয়তপুর থেকে ফরিদপুর সড়ক পথের বিকল্প কোন ব্যবস্থা নাই। এক কথায় শরীয়তপুরের মানুষ ঢাকার সাথে ভালো আছে। তারা ফরিদপুরে যেতে চায় না। শরীয়তপুরবাসীর মতামত উপেক্ষা করে সরকার কোন সিদ্ধান্ত নিলে শরীয়তপুরবাসীও তাদের দাবী আদায়ে পাল্টা সিদ্ধান্ত গ্রহণ করবে।
এ সময় উপস্থিত ছিলেন, জাগো শরীয়তপুরের আহবায়ক আমিন মোহাম্মদ জিতু, বৈষম্য বিরোধী ছাত্র নেতা ইমরান আল নাজির প্রমূখ।