শরীয়তপুর জেলাকে প্রস্তাবিত ফরিদপুর বিভাগ থেকে বাদ দিয়ে ঢাকা বিভাগের সাথে রাখার দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করেছে “জাগো শরীয়তপুর” সামাজিক সংগঠন। ৮ সেপ্টেম্বর সোমবার দুপুর ১২টায় জেলা সদরের চৌরঙ্গীর মোড়ে ঘন্টাব্যাপী সড়ক অবরোধ শেষে মানববন্ধন করে আন্দোলনকারীরা। পরে বিক্ষোভ মিছিল নিয়ে আন্দোলনকারীরা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করে।
বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সড়ক অবরোধে অংশগ্রহণ করেন ছাত্রদল, ছাত্র শিবির, গণতান্ত্রিক ছাত্র সংসদ, ইসলামী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দসহ জেলার সর্বস্তরের জনগণ।
বিক্ষোভ সমাবেশ থেকে বক্তারা দাবী জানান, শরীয়তপুর জেলাকে যে কোন মূল্যে ঢাকা বিভাগের সাথে রাখার। যোগাযোগ ব্যবস্থা, ব্যবসা-বাণিজ্য ও কম দূরত্বের কারণে শরীয়তপুরবাসী ঢাকার সাথে থাকতে চায়। বর্তমান সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা এই দাবী মেনে না নিলে শরীয়তপুরের সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে আরো কঠোর কর্মসূচির ডাক দেওয়ার ঘোষণাও করা হয় বিক্ষোভ মিছিল থেকে।