পরিবেশের ভারসাম্য রক্ষা, পশু-পাখিদের অভয়ারণ্য সৃষ্টি ও সবুজ বাংলাদেশ বিনির্মাণে শরীয়তপুর জেলা পরিষদ নিজস্ব সম্পত্তিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় সদর উপজেলার দেওভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা প্রশাসক তাহসিনা বেগম। এই কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে ৩ লাখ বনজ, ফলদ ও ঔষধি বৃক্ষরোপণ করা হবে জানিয়েছেন জেলা পরিষদের পক্ষ থেকে।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: নজরুল ইসলাম এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক তাহসিনা বেগম।
এসময় বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোস্তফা কামাল, এলজিইডির নির্বাহী প্রকৌশলী রাফেউল ইসলাম, জেলা বন কর্মকর্তা হাবিবুর রহমান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সিদ্দিকুর রহমান, সহকারী পুলিশ সুপার মোস্তফিজুর রহমান ভূঁইয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমিন, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রাসেল নোমান, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, প্রশাসনিক কর্মকর্তা মো: নুর হোসেন মিয়া সহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।
বৃক্ষরোপন অনুষ্ঠান থেকে জেলা পরিষদের প্রশাসক তাহসিনা বেগম বলেন, এই কর্মসূচিতে সকলকে স্বাগত জানিয়েছি। গাছের কোন বিকল্প নাই। প্রতি বছর যে পরিমান গাছ আমরা কেটে ফেলি তার চাইতে বেশী গাছ লাগানো প্রয়োজন। আগামী ৩ বছরে জেলায় আমরা ৩ লাখ গাছ লাগানোর প্রকল্প গ্রহণ করেছি। এই কর্মসূচি বাস্তবায়নে সকলকে এগিয়ে আসতে হবে। আজ যে গাছ আমরা লাগিয়ে দিব সকলকে তা পারিচর্যা ও রক্ষনাবেক্ষণ করতে হবে।