শরীয়তপুরের জাজিরায় শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পালন ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের স্লোগান দিয়ে ভিডিও ধারণ করে ফেসবুকে প্রচার করার দায়ে দুই ছাত্রলীগ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। অপরদিকে সদর উপজেলায় ছাত্রলীগের কার্যক্রম সক্রিয় করার চেষ্টার ঘটনায় আরও চার ছাত্রলীগ কর্মীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) দিনগত রাতে জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের কাজিয়ারচর এলাকা ও সদর উপজেলার ডোমসার ইউনিয়নের কোয়ারপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, জাজিরা উপজেলার দক্ষিণ ডুবলদিয়া এলাকার আব্দুল মালেক মাদবরের ছেলে মোহাম্মদ শামীম মাদবর (২৭), মেহের আলী মুন্সী কান্দি এলাকার বাসিন্দা খালেক মুন্সীর ছেলে আসাদ মুন্সী (১৮), সদর উপজেলার ডোমসার ইউনিয়নের কোয়ারপুর এলাকার মোতাহার ফকিরের ছেলে কাউসার ফকির (২৮), আতাউর রহমান খানের ছেলে মামুন খান (২৬), আব্দুল মালেক বেপারীর ছেলে আব্দুল মান্নান বেপারী (২৩) ও মজিবর রহমান খানের ছেলে মুন্না খান (২৫)।
পুলিশ জানায়, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের জাজিরা উপজেলার দুই কর্মী শামীম মাদবর ও আসাদ মুন্সি বৃহস্পতিবার দিনগত মধ্যরাতে শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পালন করে। ও তারা কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের বিভিন্ন স্লোগান দিয়ে ভিডিও ধারণ করে পরবর্তীতে ফেসবুকে ছড়িয়ে দেয়। বিষয়টি জানতে পেরে পরে পুলিশ তাদের গ্রেফতার করে। এছাড়াও একই সময়ে সদর উপজেলার কোয়ারপুর এলাকায় ছাত্রলীগের আরও চার কর্মী শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পালন ও ছাত্রলীগের কার্যক্রম সক্রিয় করার চেষ্টা করেছিলো। পরে পুলিশ তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের ইতোমধ্যে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানায় পুলিশ।
এ ব্যাপারে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, তারা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম সক্রিয় করার চেষ্টা করছিলো। আমরা খবর পেয়ে তাদের গ্রেফতার করি। আজকে তাদের আদালতে পাঠানো হবে।