সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদে শরীয়তপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১০ আগস্ট রোববার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ) শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করে শরীয়তপুরে কর্মরত সাংবাদিকরা। মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জামাল মল্লিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রোমান আকন্দ’র সঞ্চালনায় অনুষ্ঠিত মানবন্ধনে বক্তব্য রাখেন, দৈনিক হুংকার সম্পাদক আলহাজ্ব হাবিবুর রহমান হাবীব, দৈনিক রুদ্রবার্তা সম্পাদক শহীদুল ইসলাম পাইলট, দৈনিক সংগ্রামের প্রতিনিধি কেএম মকবুল হোসাইন, মানবজমিনের শেখ খলিলুর রহমান, প্রথম আলো প্রতিনিধি সত্যজিৎ ঘোষ, যুগান্তরের কেএম রায়হান কবির, চ্যানেল আইয়ের এসএম মজিবুর রহমান, চ্যানেল ২৪ প্রতিনিধি নুরুল আমিন রবিন, নয়া দিগন্ত প্রতিনিধি বোরহান উদ্দিন রব্বানী, এনটিভির আব্দুল আজিজ শিশির, এখন টিভি প্রতিনিধি কাজী মনিরুজ্জামান, সময় টিভির বিএম ইশ্রাফিল, দৈনিক দিনকাল প্রতিনিধি আল আমিন শাওন প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, গাজীপুরে কর্মরত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নির্মমভাবে খুনের ঘটনা দেশে সাংবাদিকসহ সাধারণ মানুষের নিরাপত্তাহীনতার প্রমাণ। শুধু গাজীপুরে নয় সারা দেশেই এখন সাংবাদিকেরা নিরাপত্তাহীন হয়ে পড়েছে। সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যার সঙ্গে জড়িত প্রত্যেক আসামিকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে দাবী তুলেন মানববন্ধনে উপস্থিত সাংবাদিকরা।