রাতভর অভিযান চালিয়ে শরীয়তপুরের গোসাইরহাটের মেঘনা নদী থেকে বালু উত্তোলন ও বহনকারী বাল্কহেড জব্দ করেছে পুলিশ। এসময় বাল্কহেডের ৩ জন শ্রমিকও আটক করা হয়। দীর্ঘদিন ধরে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করে আসছে একটি প্রভাবশালী মহল।
গোসাইরহাট থানা পুলিশ ও নরসিংহপুর নৌ পুলিশ সূত্র জানায়, মেঘনা নদীর গোসাইরহাট অংশের কুলচুরী পাতারচর এলাকায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে গোসাইরহাট থানা পুলিশ ১টি বাল্কহেড ও ২ জন শ্রমিক আটক করেছে। একই সাথে নরসিংহপুর নৌ-পুলিশ ৩টি বাল্কহেড ও ১ জন শ্রমিক আটক করে। আটককৃতদের বিরুদ্ধে বালুমহল আইনে নিয়মিত মামলা দেওয়া হয়েছে।
গোসাইরহাট থানা অফিসার ইনচার্জ মো.মাকসুদ আলম ও নরসিংহপুর নৌ-পুলিশের ইনচার্জ ইয়াসিনুল হক বিষয়টি নিশ্চিত করে বলনে, মেঘনা নদী থেকে অবৈধ বালু উত্তোলন ও বিক্রির অভিযোগে আমরা শনিবার রাতে অভিযান পরিচালনা করি। অভিযানকালে ৪টি বাল্কহেড ও ৩ জন শ্রমিককে আটক করতে সক্ষম হই। এখনও বাল্কহেডের কোন পরিচয় জানা যায়নি। বাল্কহেড ও শ্রমিকদের বিরুদ্ধে বালুমহল আইনে মামলা দেওয়া হয়েছে।