বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জ ডিআইজি রেজাউল করিম মল্লিক ১৩ জুলাই রোববার দুপুরে শরীয়তপুর পুলিশ লাইন্স ড্রীলশেডে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সুধী সমাবেশে বলেছেন, এক সময় জঙ্গিবাদ ছিল একটি নাটক, সেই নাটক থেকে আমরা পরিত্রাণ পেয়েছি।
তিনি আরো বলেন, শরীয়তপুরের মানুষ শান্তিতে বসবাস করবে, কোন চাঁদাবাজি চলবে না। পদ্মায় নৌ-রুটের চাঁদাবাজির বিষয়ে ব্যবস্থা নেয়ার জন্য আমি আগেই বলেছি। ১৭ বছর ফ্যাসিস্ট শাসকের নিপীড়ণের শিকার ছিলাম আমরা। সেই নিপিড়ণ থেকে আজ আমরা মুক্ত। এখন আমরা নতুন বাংলাদেশে নতুন পুলিশ হিসেবে কাজ করছি। নতুন চেতনায় গড়া পুলিশ হিসেবে দায়িত্ব পাালন করছি। সকলের সহযোগিতা পেলে পুলিশ তার দায়িত্ব সহজে পালন করতে পারবে।
পুলিশ সুপার মো. নজরুল ইসলাম (পিপিএম সেবা) এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ থেকে জুলাইয়ের-২৪ শহীদের পরিবারের মাঝে উপহার সামগ্রী প্রদান করা হয়।
সুধী সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার একেএম নাসির উদ্দীন কালু, বাংলাদেশ জামায়াতে ইসলামী শরীয়তপুর জেলা শাখার আমীর মাওলানা আব্দুর রব হাসেমী, সদর উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল হক মোল্লা, পপুলার লাইফ ইন্সূুরেন্সের এমডি বিএম ইউসুফ আলী, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বিদ্যুৎ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শরীয়তপুর জেলা শাখার আহ্বায়ক ইমরান আল নাজির। এসময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুধী সমাজের সুধীজন উপস্থিত ছিলেন।